ইরানের সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে দ্বিপক্ষীয় বাণিজ্য অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। একই সঙ্গে তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা একতরফা নিষেধাজ্ঞা ইসলামাবাদ মানবে না বলে জানিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক চাপ নিয়ে এক প্রশ্নের জবাবে এ অবস্থান জানান।
তিনি বলেন, পাকিস্তান ধারাবাহিকভাবে একতরফা পদক্ষেপ প্রত্যাখ্যান করে আসছে এবং একতরফা নিষেধাজ্ঞা মেনে নেয় না। এ ধরনের নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব রয়েছে এবং আন্তর্জাতিক আইনের আওতায় পাকিস্তান এগুলোকে স্বীকৃতি দেয় না।
তাহির আন্দ্রাবি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ তেহরান ও ওয়াশিংটনের বৃহত্তর সংঘাতেরই অংশ। এ ধরনের বিরোধ কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি অনুযায়ী ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।
পাকিস্তানের এ অবস্থান এমন সময়ে এলো, যখন সোমবার ইরানের বিরুদ্ধে নতুন দফার নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশ বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন এই নিষেধাজ্ঞা কর্মসূচিকে ইরানের বৈশ্বিক আর্থিক নেটওয়ার্ক লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। তিনি ইরানের সঙ্গে বাণিজ্য করা বিভিন্ন প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময়সীমা দেওয়ার কথা জানান। অন্যথায় তাদের মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
তবে পাকিস্তান বলছে, আন্তর্জাতিক আইনসম্মত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী ইরানের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত থাকবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি