বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি জাতিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে দেশের ভেতরে বিভেদ তৈরি হলে শত্রুপক্ষ নিজেদের লক্ষ্য অর্জনে সফল হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। তার মতে, ইরানের শক্তি ও জাতীয় ঐক্য দুর্বল করতে অভ্যন্তরীণ মতপার্থক্য এবং বিদ্যমান সংকটগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তেহরানে জাতীয় নার্স দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন পেজেশকিয়ান।
তিনি বলেন, বোমা ও ক্ষেপণাস্ত্র কোনো জাতিকে আত্মসমর্পণে বাধ্য করতে পারে না। কিন্তু নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়লে শত্রুপক্ষের উদ্দেশ্য সফল হওয়ার সুযোগ তৈরি হবে। এ কারণে দেশের অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, দেশের বিদ্যমান সমস্যা ও অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগিয়ে জাতীয় শক্তি এবং সংহতি দুর্বল করার পরিকল্পনা করছে শত্রুপক্ষ। বিভিন্ন উপায়ে ইরানের ওপর চাপ বাড়ানো হচ্ছে। এর মধ্যে পরিবহন ও যোগাযোগের পথ সীমিত করার প্রচেষ্টাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংকট, জ্বালানি সমস্যা, পরিবেশগত চ্যালেঞ্জ, ব্যাংকিং খাতের জটিলতা, বাজেট ঘাটতি এবং পেনশন তহবিলের সমস্যাকে কাজে লাগিয়ে ইরানি সমাজে বিভেদ তৈরি করা যাবে বলে শত্রুপক্ষ মনে করেছিল। কিন্তু জনগণের ধৈর্য, প্রতিরোধ ও পারস্পরিক সংহতি সেই প্রত্যাশাকে ভুল প্রমাণ করেছে।
তিনি আরও বলেন, নানা ধরনের চাপের মুখেও ইরানের জনগণ শত্রুপক্ষের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যমান সংকটের মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখার এই মনোভাবকে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আত্মত্যাগকারী নার্স, অন্যান্য চিকিৎসাকর্মী এবং কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের প্রশংসা করেন পেজেশকিয়ান। দেশের সংকটময় সময়ে তাঁদের অবদান ও নিষ্ঠার কথাও তুলে ধরেন তিনি।
একই সঙ্গে জাতীয় ঐক্য ক্ষুণ্ন হতে পারে, এমন বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। জনগণের আস্থা আরও শক্তিশালী করতে সব ধরনের উপলভ্য সম্পদ ও সুযোগ কাজে লাগানোর নির্দেশনাও দেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি
যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ হতে দেবে না ইরান: পেজেশকিয়ান
মদিনায় হামলার সৌদির দাবি ‘ডাহা মিথ্যা’: ইয়াহিয়া সারি
যুক্তরাষ্ট্রকে নতি স্বীকারে বাধ্য করবে ইরান: গালিবাফ