সৌদির সার্বভৌমত্ব ও পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: আহমেদ শরীফ

সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না পাকিস্তান। প্রয়োজনে সৌদি আরবকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ অবস্থানের কথা জানিয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) ইন্ডিপেনডেন্ট আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আহমেদ শরীফ চৌধুরী বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং হারামাইন শরিফাইনের নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই। পাকিস্তানের কাছে এসব বিষয় অবিসংবাদিত। সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে যেকোনো ধরনের সহায়তা দিতে তার দেশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সৌদি আরবের ওপর হুথিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের এই অবস্থান সামনে এসেছে। আহমেদ শরীফ চৌধুরী জানান, এ ধরনের হামলার জবাব মক্কা চুক্তির আওতাভুক্ত দেশগুলোর সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, পাকিস্তান ইতিমধ্যেই সৌদি আরবকে প্রয়োজনীয় সামরিক সহায়তা দিচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে পাকিস্তানের প্রস্তুতির কথা জানালেও ইয়েমেন সরকারকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে ভিন্ন অবস্থান তুলে ধরেন আহমেদ শরীফ চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, ইয়েমেন সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ এসেছে কি না, তা তার জানা নেই। তবে এ ধরনের অনুরোধ এলে তা বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।

তার বক্তব্যে সৌদি আরবের নিরাপত্তা ও পবিত্র স্থানগুলোর সুরক্ষার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান স্পষ্ট হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের ওপর হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্ব দিয়েছেন পাকিস্তানের এই সামরিক কর্মকর্তা।