দুবার ক্যানসারে আক্রান্ত হয়েও কেমোথেরাপি ছাড়াই সুস্থ হয়েছেন সোনিয়া গান্ধী

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী জীবনে দুবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। অস্ত্রোপচারের মাধ্যমে দুইবারই সুস্থ হয়ে ওঠেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের এই কঠিন অভিজ্ঞতা কখনো গোপন রাখেননি। সম্প্রতি প্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ে ক্যানসার শনাক্ত হওয়া, চিকিৎসা ও অস্ত্রোপচারের অভিজ্ঞতা তুলে ধরেছেন ভারতের সাবেক এই কংগ্রেস সভাপতি।

স্মৃতিকথা অনুযায়ী, সোনিয়া গান্ধীর প্রথম ক্যানসার শনাক্ত হয় ২০১০ সালে। চিকিৎসার জন্য তিনি ভর্তি হয়েছিলেন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা থাকলেও অস্ত্রোপচার ভারতে করাতে চাননি তিনি। শেষ পর্যন্ত চিকিৎসার জন্য ইতালির মিলানে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ক্যানসার ধরা পড়ার পর আতঙ্ক ও উদ্বেগে ভুগছিলেন বলে স্মৃতিকথায় জানিয়েছেন সোনিয়া। তাঁকে ও তাঁর সন্তানদের বলা হয়েছিল, সিদ্ধান্ত নিতে দেরি করার সুযোগ নেই। দ্রুত চিকিৎসা শুরু করা জরুরি।

দিল্লিতে অস্ত্রোপচার না করানোর কারণ ব্যাখ্যা করে তিনি লিখেছেন, ভারতে তাঁর অস্ত্রোপচারের খবর প্রকাশ হলে গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হতো। জনপরিচিত ব্যক্তি হলেও চিকিৎসার মতো ব্যক্তিগত বিষয়ে কিছুটা গোপনীয়তা বজায় রাখার অধিকার থাকা উচিত বলে মনে করেছিলেন তিনি।

পরে মিলানের একটি হাসপাতালে ভর্তি হন সোনিয়া। সেখানে বিশিষ্ট শল্যচিকিৎসক ডা. ভেরোনেসি তাঁর অস্ত্রোপচার করেন। চিকিৎসক জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং শরীরে ক্যানসারের কোনো চিহ্ন অবশিষ্ট নেই।

সোনিয়ার বর্ণনা অনুযায়ী, অস্ত্রোপচারের সময় দুটি টিউমার অপসারণ করা হয়েছিল। এর মধ্যে একটি টিউমার নিয়ে সন্দেহ তুলনামূলক কম থাকলেও সতর্কতার অংশ হিসেবে সেটিও বাদ দেওয়া হয়। পাশাপাশি অস্ত্রোপচারের সময় বিশেষ পদ্ধতিতে রেডিয়েশন প্রয়োগ করা হয়েছিল, যাতে পরবর্তী সময়ে তাঁকে পাঁচ সপ্তাহের রেডিওথেরাপি নিতে না হয়।

প্রথম অস্ত্রোপচারের পর স্বস্তি ফিরে পেলেও বেশিদিন নিশ্চিন্ত থাকতে পারেননি সোনিয়া। ২০১১ সালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর অগ্ন্যাশয়ে একটি টিউমার শনাক্ত হয়। এতে তিনি ও তাঁর সন্তানরা আবারও উদ্বিগ্ন হয়ে পড়েন।

স্মৃতিকথায় তিনি লিখেছেন, প্রথমে তাঁদের মনে হয়েছিল আগের ক্যানসারই আবার ফিরে এসেছে। চিকিৎসকদের সঙ্গে আলোচনা ও পরামর্শের পর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। টিউমারটি শরীরের অন্য অংশ থেকে ছড়িয়ে পড়া ক্যানসারের কারণে হয়েছে কি না, তা নিয়েও তাঁর উদ্বেগ ছিল।

দ্বিতীয় অস্ত্রোপচার নেদারল্যান্ডসে

দ্বিতীয়বার অস্ত্রোপচারের জন্য ইতালি নয়, নেদারল্যান্ডসের রটারড্যামের একটি হাসপাতাল বেছে নেন সোনিয়া। সেখানে চিকিৎসক ডা. ক্যাসপার ভ্যান আইজ্যাকের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার হয়।

অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানান, টিউমারটি একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ায় তিনি সৌভাগ্যবান। চিকিৎসার জন্য তাঁকে ওই হাসপাতালে চার সপ্তাহ থাকতে হয়েছিল। এ সময় তাঁর পাশে ছিলেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী।

পরে দিল্লিতে ফিরে এলেও দ্বিতীয় অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠতে বেশ সময় লাগে। শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছিলেন তিনি।

দুবার ক্যানসারে আক্রান্ত হলেও সোনিয়া গান্ধীকে কেমোথেরাপি নিতে হয়নি বলে স্মৃতিকথায় উল্লেখ করেছেন তিনি। দুটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হলেও কেমোথেরাপির মতো কষ্টকর চিকিৎসা এড়াতে পারাকে নিজের জন্য বড় স্বস্তির বিষয় হিসেবে দেখেছেন তিনি।

সোনিয়ার এই অভিজ্ঞতা তাঁর ব্যক্তিগত জীবনের একটি কঠিন অধ্যায় তুলে ধরেছে। একই সঙ্গে ক্যানসার শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা, চিকিৎসকদের পরামর্শ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্বও সামনে এনেছে।