বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম

১৯৯২ সালে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য টেলিভিশনে দেখে কেঁদে ফেলেছিলেন বলে স্মৃতিচারণ করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর মতে, ওই ঘটনা ভারতের সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা রক্ষার সামনে দীর্ঘ ও কঠিন লড়াইয়ের সূচনা করেছিল।

শনিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে সোনিয়া গান্ধী বলেন, টেলিভিশনের পর্দায় বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে তিনি নিজেকে ধরে রাখতে পারেননি, কেঁদে ফেলেছিলেন। তখনই তাঁর মনে হয়েছিল, ভারতের সামনে সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা রক্ষার এক কঠিন ও দীর্ঘ লড়াই অপেক্ষা করছে।

তিনি বলেন, ওই সময় উত্তর প্রদেশে রামজন্মভূমি আন্দোলনের নামে যে সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে পড়েছিল, তার পেছনে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির প্রত্যক্ষ ভূমিকা ছিল।

সোনিয়া গান্ধীর ভাষ্য, বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে তিনি উপলব্ধি করেছিলেন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু ও তাঁদের সহকর্মীরা মিলে যে ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী ভারতের স্বপ্ন দেখেছিলেন, তা চরম পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে।

একই সঙ্গে ভারতে উগ্র হিন্দুত্ববাদের রাজনৈতিক উত্থানের পেছনে অতীতে কংগ্রেসেরও কিছু ব্যর্থতা ও ভূমিকা ছিল বলে অকপটে স্বীকার করেন প্রবীণ এই রাজনীতিক।

এদিকে বাবরি মসজিদ ধ্বংস নিয়ে সোনিয়া গান্ধীর মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি কংগ্রেসকে ‘হিন্দুবিরোধী’ আখ্যা দিয়ে কটাক্ষ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রদীপ ভাণ্ডারি লেখেন, সোনিয়া গান্ধী বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলেন, আবার বাটলা হাউসের ঘটনার জন্যও কাঁদেন। তাঁর দাবি, এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, কংগ্রেস আসলে বাবরপন্থী ও ভগবান রামবিরোধী। এই দ্বিচারিতার কারণে সোনিয়া গান্ধীর ভোটব্যাংক ক্রমেই কমতে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমইউ
আরও পড়ুন