সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অঙ্গীকার ‘চূড়ান্ত ও আপসহীন’। দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা পাকিস্তানের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
সৌদি সংবাদমাধ্যম আশরাক আল আওসাতকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সৌদি আরবের বিমানবন্দর, শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব হামলা দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। এসব ঘটনার পর মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
চৌধুরী জানান, পাকিস্তানের সেনাসদস্যরা আগে থেকেই সৌদি আরবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। প্রতিরক্ষা সহায়তা, সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সামরিক সদস্য, সক্ষমতা ও রসদ সহায়তা দেয়া হবে।
তবে তিনি একই সঙ্গে সংযম, উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান। তার মতে, সংঘাত আরও ছড়িয়ে পড়লে কোনো পক্ষই লাভবান হবে না।
তিনি জানান, গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের কর্মকর্তাদের বৈঠকের উদ্দেশ্য ছিল উত্তেজনা কমানো ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানো।
চৌধুরী বলেন, পাকিস্তান-সৌদি আরবের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি এবং পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মক্কা জোট সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ চালানো এদের উদ্দেশ্য নয়।