পাকিস্তানে সংঘর্ষে ১০ পুলিশ ও ১৮ জঙ্গি নিহত

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশের গাড়িবহরে সশস্ত্র হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধ হয়েছে। এতে অন্তত ১০ পুলিশ কর্মকর্তা ও ১৮ জন হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ফয়সাল খান জানান, কোহাটের কাছাকাছি একটি এলাকায় অবৈধভাবে সোনা উত্তোলনের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফেরার পথে পুলিশের গাড়িবহরে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা।

তিনি বলেন, নিহত ১০ পুলিশ কর্মকর্তার মধ্যে দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি চলে।

ঘটনার কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামেও পরিচিত এই সংগঠনটি সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে।

খাইবার পাখতুনখাওয়া পুলিশের এক বিবৃতিতে বলা হয়, পাল্টাপাল্টি গোলাগুলিতে ১৮ জন ‘খাওয়ারিজ’ নিহত হয়েছে। পাকিস্তান সরকার সাধারণত পাকিস্তানি তালেবান সদস্যদের বোঝাতে ‘খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে।

পুলিশের দাবি, অপরাধী চক্রের সঙ্গে যোগসাজশ করেই হামলাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। তাদের ভাষ্য, হামলাটি অপরাধী নেটওয়ার্কের সঙ্গে পাকিস্তানি তালেবানের যোগসূত্রের প্রমাণ। বিদেশি শক্তির ইন্ধনে এ দুই পক্ষ একসঙ্গে কাজ করছে বলেও দাবি করেছে পুলিশ। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

বিবৃতিতে পুলিশ আরও জানায়, হামলাকারীদের সহায়তাকারী এবং অপরাধী নেটওয়ার্কের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও সতর্ক করেছে তারা।

এদিকে রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ‘শহীদ’ হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র: এপি নিউজ

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত