থাইল্যান্ডে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ১১

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে পুলিশ রয়টার্সকে জানিয়েছে।

পুলিশ জানায়, যানবাহন ভাড়া দেওয়ার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থাকা ভবনটিতে প্রথমে আগুন লাগে। পরে তা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।

থাই কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের প্রায় দুই ঘণ্টা সময় লাগে।

আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক নেই বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। ভবনটি ফুকেটের পশ্চিম উপকূলের জনপ্রিয় পাতং সৈকতের কাছাকাছি একটি শহর এলাকায় অবস্থিত।

এর চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন।