পাকিস্তানের তাবলীগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজী নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর।
তার ইন্তেকালে পাকিস্তানের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মাওলানা নযরুর রহমান ২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
১৯২৯ সালে রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন এ আলেম। পাকিস্তানে তাবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন তিনি। জীবনের দীর্ঘ সময় দাওয়াত ও তাবলিগের মেহনতে ব্যয় করেন। রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
সোমবার রাতে পাকিস্তানের রাইউইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে, মাওলানা নযরুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এ ছাড়া পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফিও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।