সৌদি প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা হলেন ফাহদ আল-সালমান

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম

সৌদি আরবের সামরিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পুনর্বণ্টন করেছে দেশটির রাজকীয় কর্তৃপক্ষ। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাজকীয় আদেশে লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিক বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুয়াইলিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জয়েন্ট ফোর্সেসের কমান্ডার নিযুক্ত করা হয়েছে।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সোমবার জারি করা রাজকীয় আদেশে এ নিয়োগের ঘোষণা আসে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফাইয়াদ বিন হামেদ আল-রুয়াইলি চিফ অব জেনারেল স্টাফ হিসেবে তাঁর বর্তমান দায়িত্ব বহাল রাখার পাশাপাশি জয়েন্ট ফোর্সেসের কমান্ডারের দায়িত্বও পালন করবেন।

অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমান প্রতিরক্ষামন্ত্রীর সামরিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর সুপারিশের ভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হয়েছে। রাজকীয় আদেশ বাস্তবায়নের জন্য প্রতিরক্ষামন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি আরবের সামরিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়, যৌথ সামরিক কার্যক্রম পরিচালনা এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে জয়েন্ট ফোর্সেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাম্প্রতিক সময়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে সৌদি আরবের বিভিন্ন পর্যায়ে তৎপরতা বাড়ার মধ্যে সামরিক নেতৃত্বে এই নতুন দায়িত্ব বণ্টন বিশেষ গুরুত্ব বহন করছে।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত