১৩ কোটি ৭০ লাখ ভিউয়ে বদলে গেল দুই বছরের শিশুর জীবন

ভারতের মহারাষ্ট্রের দুই বছরের শিশু রুদ্রাংশ সিং ঠাকুরের একটি ভিডিও ইনস্টাগ্রামে ১৩ কোটি ৭০ লাখবার দেখা হয়েছে। আর এই ভাইরাল ভিডিওর সুবাদে শিশুটির স্নাতক পর্যন্ত পড়াশোনার খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছেন একটি হোন্ডা শোরুমের মালিক।

মহারাষ্ট্রের ইয়াভাতমালের বাসিন্দা রুদ্রাংশ গত ৯ নভেম্বর বাবা-মা ও বড় বোনের সঙ্গে একটি হোন্ডা শোরুমে যায়। সেখানে পরিবারের নতুন হোন্ডা অ্যাকটিভা স্কুটারটি নিতে গিয়েছিল তারা।

শোরুমে স্কুটারের সামনে শিশুটির আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার একটি ভিডিও ধারণ করা হয়। চোখে সানগ্লাস, পকেটে হাত—রুদ্রাংশের স্টাইলিশ ভঙ্গি সহজেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কাড়ে।

পরে ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করা হলে দ্রুত ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত এটি ১৩ কোটি ৭০ লাখবার দেখা হয়েছে এবং মন্তব্য এসেছে ৬৮ হাজারের বেশি।

ভিডিওটি নজরে আসে ওই শোরুমের মালিক দিলীপ বোবাদে পাতিলের। তাঁর মালিকানাধীন সাই পয়েন্ট হোন্ডা থেকেই স্কুটারটি কিনেছিল রুদ্রাংশের পরিবার।

প্রতিবেদন অনুযায়ী, শিশুটির ভাইরাল জনপ্রিয়তা উদ্‌যাপন করতে পাতিল রুদ্রাংশ ও তার পরিবারকে শোরুমে আমন্ত্রণ জানান। সেখানে তিনি ঘোষণা দেন, কেজি-১ থেকে শুরু করে স্নাতক সম্পন্ন করা পর্যন্ত রুদ্রাংশের পড়াশোনার যাবতীয় খরচ বহন করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন যশ চিনচোলকর। তিনি এই উদ্যোগকে শিশুটির উপহারের তালিকায় নতুন কিছু যোগ করার চেয়ে তার ভবিষ্যৎ গড়ে দেওয়ার বড় উপহার হিসেবে উল্লেখ করেন।

রুদ্রাংশের মা-ও এ ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, এত মানুষ তাঁর ছেলেকে ভালোবাসা দিচ্ছেন এবং তার ভবিষ্যতের জন্য এগিয়ে আসছেন—বিষয়টি তাঁদের কাছে বিশেষ আনন্দের।