রাজধানী ঢাকায় প্রতি ১ লাখ ৭২ হাজার ৬৪১ জন মানুষের জন্য রয়েছে মাত্র একটি গণশৌচাগার। জনসংখ্যার তুলনায় শৌচাগারের এই অপ্রতুলতার পাশাপাশি বিদ্যমান অনেকগুলোও বন্ধ, অপরিচ্ছন্ন কিংবা ব্যবহার অনুপযোগী। ফলে প্রয়োজনের সময় শৌচাগার না পেয়ে অনেকে সড়ক ও ফুটপাতে মূত্রত্যাগ করছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দীর্ঘ সময় বাইরে থাকা শ্রমজীবী মানুষ ও নারীরা।
জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঢাকার আনুমানিক জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, ভ্রাম্যমাণ শৌচাগারসহ রাজধানীতে গণশৌচাগার রয়েছে ২১৯টি। এর মধ্যে তিনটি ভেঙে ফেলা হয়েছে এবং চারটি বন্ধ রয়েছে। ফলে সচল গণশৌচাগারের সংখ্যা দাঁড়ায় ২১২টি। তবে এর কয়েকটিও পুরোপুরি ব্যবহার উপযোগী নয়।
এমন পরিস্থিতির মধ্যেই আজ ১৯ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব টয়লেট দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘নিরাপদ টয়লেট, সমতাভিত্তিক ভবিষ্যৎ’। জাতিসংঘের এ প্রতিপাদ্যে সবার জন্য নিরাপদ ও সহজলভ্য স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
গণশৌচাগারের সংখ্যা ও ব্যবস্থাপনায় ঘাটতি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় রয়েছে ১৩১টি গণশৌচাগার। এর মধ্যে ৮১টি সিটি করপোরেশন সরকারি অর্থায়নে নির্মাণ করেছে। বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহারের জন্য রয়েছে আটটি ভ্রাম্যমাণ শৌচাগার, যেগুলো সাধারণ মানুষের নিয়মিত ব্যবহারের জন্য উন্মুক্ত নয়। বাকি ৪২টি গণশৌচাগার প্রতিষ্ঠা ও পরিচালনা করছে ওয়াটারএইড বাংলাদেশ, স্পেস, ভূমিজ ও আরবানসহ বিভিন্ন বেসরকারি সংস্থা।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় গণশৌচাগার রয়েছে ৮৮টি। এর মধ্যে শহীদ জিয়া শিশু পার্কের পাশে থাকা একটি শৌচাগার ভেঙে ফেলা হয়েছে। দুই সিটি করপোরেশনের আওতাধীন এসব শৌচাগারের অনেকগুলোতে রক্ষণাবেক্ষণ, নজরদারি ও ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। কোথাও প্রয়োজনীয় মৌলিক সুবিধা নেই, আবার কোথাও নির্মাণ শেষ হলেও শৌচাগার চালু করা হয়নি।
ডিএনসিসির তথ্য অনুযায়ী, গাবতলী গরুর হাটের ভেতরে থাকা একটি শৌচাগার সড়ক সম্প্রসারণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর ভেঙে দিয়েছে। অন্যদিকে আগারগাঁও পাসপোর্ট অফিসের দক্ষিণ পাশে আরবান নির্মিত একটি ভ্রাম্যমাণ শৌচাগারও ব্যবহার করা যাচ্ছে না।
বন্ধ থাকা চারটি শৌচাগারের মধ্যে রয়েছে মিরপুর-১-এর গোলারটেক মাঠের দক্ষিণ-পূর্ব কোণে নির্মিত একটি শৌচাগার, যা এখনো চালু হয়নি। এ ছাড়া গাবতলী স্লুইস গেটের পাশের শৌচাগার, মিরপুর ১৩ নম্বর সেকশন পার্কের শৌচাগার এবং মিরপুর ১১ নম্বরের অ্যাভিনিউ ৮-এ স্পেস পরিচালিত একটি শৌচাগার বন্ধ রয়েছে। এর মধ্যে মিরপুর ১১ নম্বরের শৌচাগারটি সংস্কার করা হচ্ছে।
ডিএনসিসি ও ডিএসসিসির সূত্র জানায়, বাস ও ট্রাক টার্মিনাল এবং বিভিন্ন বাজারের ভেতরেও কয়েকটি শৌচাগার সাময়িকভাবে বন্ধ রয়েছে। শিগগিরই সেগুলো চালু করা হবে।
শৌচাগার না পেয়ে সড়কেই মূত্রত্যাগ
গণশৌচাগারের অভাবের চিত্র দেখা যায় রাজধানীর সড়ক ও ফুটপাতেও। শেওড়াপাড়া থেকে ফার্মগেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা পর্যন্ত ঘুরে অন্তত ৩০ জনকে সড়কের পাশে ও ফুটপাতে মূত্রত্যাগ করতে দেখেছেন এই প্রতিবেদক। শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে প্রস্রাবের দুর্গন্ধে পথচারীদের নাক চেপে চলতে দেখা গেছে। একই চিত্র কারওয়ান বাজার ও আগারগাঁও এলাকাতেও।
প্রকাশ্যে মূত্রত্যাগকারীদের অনেকে জানিয়েছেন, আশপাশে গণশৌচাগার না থাকায় তাঁদের সামনে বিকল্প খুব একটা থাকে না।
টিএসসি থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সাদমান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে প্রায়ই টিএসসিতে আসেন তিনি। কিন্তু সড়ক দিয়ে হাঁটার সময় দুর্গন্ধে নিঃশ্বাস বন্ধ করে চলতে হয়। ফুটপাতে অনেকে প্রকাশ্যে মূত্রত্যাগ করলেও বিষয়টি দেখার কেউ নেই বলে মন্তব্য করেন তিনি।
আগারগাঁওয়ে কর্মরত এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কাছাকাছি কোনো গণশৌচাগার না পেয়ে তিনিও একবার সড়কের পাশে মূত্রত্যাগ করেছেন। তাঁর ভাষ্য, আশপাশে শৌচাগার না থাকায় অন্যদের মতো তাঁকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
অপরিচ্ছন্নতা ও প্রবেশমূল্য বাড়াচ্ছে ভোগান্তি
গণশৌচাগার থাকলেও অনেক ক্ষেত্রে সেগুলোর পরিবেশ ব্যবহারকারীদের নিরুৎসাহিত করছে। মঙ্গলবার কয়েকটি গণশৌচাগার পরিদর্শনে দেখা গেছে, অধিকাংশ জায়গায় সাবান ও টিস্যু পেপার নেই। কোনো কোনোটিতে অপরিচ্ছন্নতা, অব্যবস্থাপনা ও দুর্গন্ধ রয়েছে। পাশাপাশি অনেক শৌচাগারে প্রবেশের জন্য অন্তত ১০ টাকা দিতে হয়।
নিম্ন ও নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষের জন্য এ খরচ বাড়তি চাপ তৈরি করছে। বিশেষ করে যাঁদের কর্মদিবসে একাধিকবার গণশৌচাগার ব্যবহার করতে হয়, তাঁদের ব্যয় আরও বেড়ে যায়।
ঢাকায় রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালক ও শ্রমিকের সংখ্যা আনুমানিক ২০ লাখ। তাঁদের অনেকেই দিনের বেশির ভাগ সময় সড়কে কাটান। সহজলভ্য ও সাশ্রয়ী শৌচাগারের অভাবে এই জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।
ফার্মগেট এলাকার আনন্দ পাবলিক টয়লেট ব্যবহারকারী জিল্লুর রহমান জানান, শৌচাগারটি কিছুটা অপরিচ্ছন্ন। সেখানে হাত ধোয়ার জন্য সাবান কিংবা ব্যবহারের জন্য টিস্যু পেপারও পাননি তিনি।
নারীদের ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি
গণশৌচাগার ব্যবহারে নারীদের সমস্যাও বেশি। বাইরে বের হলে উপযুক্ত শৌচাগার পাওয়া যাবে কি না, সেই চিন্তায় পানি পান কমিয়ে দেন অনেকে। শাহিনুর বেগম বলেন, বাড়ি থেকে বের হওয়ার আগে খুব কম পানি পান করেন। বাইরে থাকলে একান্ত প্রয়োজন না হলে পানি পান এড়িয়ে চলেন, কারণ শৌচাগার ব্যবহারের প্রয়োজন হতে পারে।
ওয়াটারএইডের ‘উইমেন অন দ্য গো: হাউ পুওর স্যানিটেশন ইনফ্লুয়েন্সেস আরবান উইমেনস ওয়াটার ইনটেক ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, নিরাপদ ও পরিচ্ছন্ন গণশৌচাগারের অভাবে ৬৯ শতাংশ নারী বাড়ির বাইরে থাকলে পানি পান কমিয়ে দেন। আরও ১৫ শতাংশ নারী বাইরে থাকাকালে একেবারেই পানি পান করেন না। গবেষণায় বলা হয়েছে, এ ধরনের অভ্যাসে মূত্রনালির সংক্রমণসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতার ঝুঁকি বাড়তে পারে।
নারীদের উপযোগী শৌচাগারের অভাবও বড় সমস্যা। নিউমার্কেট, মহাখালী ও ফার্মগেট এলাকা পরিদর্শনে দেখা গেছে, নারীদের জন্য নির্ধারিত শৌচাগারগুলোতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। কোথাও দরজার ছিটকিনি নষ্ট, কোথাও পানি রাখার পাত্র অপরিচ্ছন্ন। অনেক জায়গায় সাবান ও টিস্যু নেই। আবার কোথাও স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনের ব্যবস্থাও নেই।
মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে নারীদের জন্য নির্ধারিত কয়েকটি শৌচাগার পুরুষদের ব্যবহারের জন্য রূপান্তর করা হয়েছে বলেও জানা গেছে। এতে নারী যাত্রীদের জন্য বিকল্প আরও সীমিত হয়ে পড়েছে।
সন্তানকে নিয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসা ফেরদৌসী বেগম জানান, শৌচাগারের অবস্থা খারাপ হলেও বাধ্য হয়ে তাঁকে সেটি ব্যবহার করতে হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যবহার উপযোগী পরিবেশ না থাকলেও বিকল্প না থাকায় তাঁর কিছু করার ছিল না বলে জানান তিনি।
আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় পিছিয়ে ঢাকা
এশিয়ার ঘনবসতিপূর্ণ শহরগুলোতে গণশৌচাগারের ব্যবস্থা নিয়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রয়োজনের তুলনায় ঢাকায় এ সুবিধা অত্যন্ত সীমিত। যুক্তরাজ্য, চীন ও ভারতের মতো দেশের নগর পরিকল্পনার মানদণ্ডে বাণিজ্যিক ও জনসমাগমপূর্ণ এলাকায় প্রতি ২০০ থেকে ৫০০ মিটার দূরত্বে একটি গণশৌচাগার রাখার সুপারিশ রয়েছে। ঢাকায় বাস্তব চিত্র এর বিপরীত। এখানে একজন যাত্রী ঘণ্টার পর ঘণ্টা চলাচল করেও ব্যবহারযোগ্য গণশৌচাগার নাও পেতে পারেন।
ঘনবসতিপূর্ণ শহরে গণশৌচাগারের অবস্থান ও ব্যবহারযোগ্যতা নিয়ে করা গবেষণায় প্রতি ১ লাখ মানুষের জন্য ২০ থেকে ৫০টি গণশৌচাগার অথবা প্রতি বর্গকিলোমিটারে তিন থেকে পাঁচটি শৌচাগারকে উপযোগী বলা হয়েছে। উন্নয়নশীল দেশের বড় শহরগুলোতে স্যানিটেশন ব্যবস্থা নিয়ে গবেষণায় প্রতি ১ লাখ মানুষের জন্য অন্তত ১০ থেকে ১৫টি সচল ও পরিচ্ছন্ন শৌচাগারকে প্রাথমিক লক্ষ্য হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।
অন্যদিকে, ঢাকার আনুমানিক ৩ কোটি ৬৬ লাখ জনসংখ্যার বিপরীতে ২১২টি গণশৌচাগার রয়েছে। এ হিসাবে প্রতি ১ লাখ মানুষের জন্য শৌচাগারের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৫৮টি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, পর্যাপ্ত গণশৌচাগার না থাকায় অনেক মানুষ খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করতে বাধ্য হন। এতে বায়ুবাহিত ও পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ে। পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগের পাশাপাশি জন্ডিস ও টাইফয়েডের মতো রোগও ছড়াতে পারে। দীর্ঘদিন এমন অস্বাস্থ্যকর পরিবেশে থাকলে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে।
তিনি আরও বলেন, নারী ও পুরুষের জন্য আলাদা শৌচাগার থাকা প্রয়োজন। নারীদের দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখতে হলে মূত্রনালি ও মূত্রথলিতে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। প্রধান সড়কগুলোতে গণশৌচাগার স্থাপন এবং সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি।
ডা. মুশতাক হোসেনের ভাষায়, নির্মাণের পর কোনো শৌচাগার অপরিচ্ছন্নতা বা রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহার করা না গেলে বাস্তবে সেটি না থাকারই সমান।
নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান বলেন, গণশৌচাগারকে ঐচ্ছিক সেবা হিসেবে দেখার সুযোগ নেই; নগর পরিকল্পনার অপরিহার্য অংশ হিসেবে এ সুবিধা নিশ্চিত করতে হবে। তাঁর মতে, প্রতি ৪০০ থেকে ৫০০ মিটার দূরত্বের মধ্যে গণশৌচাগার থাকা উচিত।
গণশৌচাগার ব্যবহারের জন্য অর্থ নেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, একজন নিম্ন আয়ের মানুষকে দিনে তিন-চারবার শৌচাগার ব্যবহার করতে হলে প্রতিবারের খরচ তাঁর ওপর বাড়তি চাপ তৈরি করে। মৌলিক নাগরিক সেবা হিসেবে গণশৌচাগারের রক্ষণাবেক্ষণে সরকারি বরাদ্দ রাখা এবং বিনা মূল্যে ব্যবহারের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
আদিল মোহাম্মদ খান আরও বলেন, পর্যাপ্ত ও বিনা মূল্যের গণশৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করার পরই মানুষকে প্রকাশ্যে মলমূত্র ত্যাগ না করে নির্ধারিত শৌচাগার ব্যবহারের কথা বলা যেতে পারে।
গণশৌচাগার নির্মাণের আশ্বাস দুই সিটি করপোরেশনের
রাজধানীর জনসংখ্যার তুলনায় গণশৌচাগারের সংখ্যা অপর্যাপ্ত বলে স্বীকার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি ওয়াটারএইড ও অন্যান্য বেসরকারি সংস্থার সঙ্গে গণশৌচাগার নিয়ে সমন্বয় সভা হয়েছে। সিটি করপোরেশন ও ওয়াটারএইডের যৌথ উদ্যোগে আরও গণশৌচাগার স্থাপনের কাজ চলছে। মানুষের চলাচল বেশি এবং যেখানে ভোগান্তি বেশি, সেসব এলাকাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি বলেন, শৌচাগার পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোকে পানি, সাবান ও টিস্যু পেপারসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে। এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামও জানিয়েছেন, নতুন গণশৌচাগার নির্মাণের পরিকল্পনা করছে সংস্থাটি। এ জন্য উপযুক্ত স্থান চিহ্নিত করার কাজ চলছে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় আসেন। গণশৌচাগারের সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় স্থানগুলো চিহ্নিত করা হচ্ছে।
টেন্ডারের মাধ্যমে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাওয়া ঠিকাদারদের কেউ কেউ যথাযথভাবে শৌচাগার পরিচর্যা করেন না বলেও স্বীকার করেন তিনি। আবদুস সালাম জানান, পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও মেরামতসংক্রান্ত সমস্যা সমাধানে নজরদারি জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিউইয়র্ক টাইমসের সাক্ষাৎকার প্রত্যাখ্যান করলেন ইসমাইল বাঘাই
কীভাবে হয় ফিফা সভাপতি নির্বাচন, ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বি কারা?
রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত দেশ, দুই দিনে নিহত ৪
সেপ্টেম্বর থেকে ইয়েমেনে ৬৪ শিশু নিহত: ইউনিসেফ
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
কখন আদালতে যাবেন, কখন মামলা করবেন?
শপিং-এ যাওয়ার আগে জেনে নিন বৃহস্পতিবার বন্ধ যেসব মার্কেট
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
আজ লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নাশকতা-অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে কড়া নিরাপত্তা