ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভার ফাঁকে ইরান ও তাজিকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফেডারেল মন্ত্রী মুসাদ্দিক মালিক। এসব বৈঠকে দুই দেশের সঙ্গে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) নয়াদিল্লিতে এসসিও সিভিলাইজেশন ডায়ালগ ফোরামের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে যোগ দেন মুসাদ্দিক মালিক। সেখানে তাজিকিস্তানের সংস্কৃতিমন্ত্রী সাত্তোরিয়ন আমোনজোদার সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন তিনি। জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময় বাড়ানোর মাধ্যমে এই সম্পর্ককে আরও বিস্তৃত করার বিষয়ে পাকিস্তানের আগ্রহের কথাও তুলে ধরেন মন্ত্রী।
পরে ইরানের ইসলামিক কালচার অ্যান্ড রিলেশনস অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ মাহদি ইমানিপুরের সঙ্গে পৃথক বৈঠক করেন মুসাদ্দিক মালিক। সেখানে পাকিস্তান ও ইরানের গভীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
পাকিস্তান হাইকমিশনের বরাতে ডন জানিয়েছে, এসসিও সিভিলাইজেশন ডায়ালগ ফোরামে অংশ নিতে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন মুসাদ্দিক মালিক। শুক্রবার দিল্লিতে পৌঁছে তিনি এই সম্মেলনকে বহুপক্ষীয় সংলাপের জন্য একটি বড় সুযোগ হিসেবে অভিহিত করেন। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভৌগোলিক সীমারেখার বাইরে সংস্কৃতি ও সভ্যতার বিস্তৃতি রয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে সদস্য দেশগুলো নিজেদের অভিন্ন ইতিহাস, ভূগোল, সংস্কৃতি ও সভ্যতা নিয়ে আলোচনার সুযোগ পাবে।
২০২৩ সালের মে মাসে গোয়ায় এসসিও বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর পাকিস্তানের কোনো মন্ত্রীর এটিই প্রথম ভারত সফর। এর আগে ২০২৪ সালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এসসিও বৈঠকে যোগ দিতে ইসলামাবাদ সফর করেছিলেন।
পাকিস্তান বর্তমানে ২০২৬-২৭ মেয়াদের জন্য এসসিও রাষ্ট্রপ্রধানদের কাউন্সিলের ঘূর্ণায়মান সভাপতির দায়িত্ব পালন করছে। আগামী ২০২৭ সালের আগস্টে ইসলামাবাদে সংস্থাটির শীর্ষ সম্মেলন আয়োজন করার কথা রয়েছে দেশটির।
সূত্র: ডন