ভারতের রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
গতকাল গভীর রাতে শম্ভুপুরা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাত প্রায় ২টার দিকে দ্রুতগতির একটি ‘ক্রুজার’ গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তারা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে ফিরছিলেন। প্রাথমিক ধারণা, গাড়ি চালানোর সময় চালকের চোখ লেগে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
নিহতদের মধ্যে রয়েছেন উষা বাই, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী ও মাধবী।
আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে কোটা শহরের পুলিশ সুপার তেজস্বিনী গৌতম ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও উদ্ধারকারী দল গাড়ির ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
সম্পাদনা নোট: চালকের ঘুমিয়ে পড়াকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে; এটি এখনো নিশ্চিত কারণ নয়।