যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: মুসাভি

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি বলেছেন, গত দুই যুদ্ধের পর আইআরজিসি নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে। যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

একটি ক্ষেপণাস্ত্র নগরী পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল মুসাভি এ কথা বলেন। নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে তা মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি।

মুসাভি বলেন, যেকোনো পরিস্থিতিতে আইআরজিসির মহাকাশ বাহিনী সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির নির্দেশ বাস্তবায়নে প্রস্তুত রয়েছে।

গত দুই যুদ্ধের মধ্যবর্তী সময়ে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শত্রুকে ভীত ও ধ্বংস করার লক্ষ্যে তৈরি নতুন নতুন চমক এবং অত্যন্ত কার্যকর সামরিক সরঞ্জাম আমাদের যুদ্ধকৌশল ও সক্ষমতার কাঠামোয় যুক্ত করা হয়েছে।’

ইরানি যোদ্ধাদের আত্মত্যাগ ও নিষ্ঠার কারণে যুদ্ধক্ষেত্র এখন দেশটির বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত যে যুদ্ধক্ষেত্রের শর্ত আমরাই নির্ধারণ করছি। নিজেদের শক্তি প্রয়োগ কিংবা হুমকি মোকাবিলার ক্ষেত্রে কোনো দ্বিধা থাকবে না।’

প্রতিবেদনটি ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির তথ্যের ভিত্তিতে তৈরি। যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বক্তব্যগুলো জেনারেল মুসাভির দাবি; এগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত