তাইওয়ানের আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে চীন ও তাইওয়ানের মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে রাজধানী তাইপের মেয়র পদে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেনকে ঘিরে বেইজিংয়ের কঠোর অবস্থান দুই পক্ষের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
আগামী শনিবার (২৮ নভেম্বর) তাইওয়ানে মেয়র, কাউন্টি প্রধানসহ বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে চীন শেনের বিরুদ্ধে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া এবং চীনবিরোধী মনোভাব উসকে দেওয়ার অভিযোগ তুলেছে। অন্যদিকে, তাইওয়ানের ক্ষমতাসীন দল মনে করছে, বেইজিংয়ের এই সমালোচনা দেশটির গণতান্ত্রিক নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টার অংশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পুলিশ পুমা শেনকে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের অভিযোগে খুঁজছে। চীনের সরকারি কর্মকর্তারা তাঁকে 'বিশ্বাসঘাতক' ও তাইওয়ানের স্বাধীনতাপন্থী হিসেবে আখ্যায়িত করেছেন। তবে শেন এসব সমালোচনার মধ্যেও নিজের নির্বাচনী প্রচারে স্থানীয় উন্নয়ন ও নগর ব্যবস্থাপনাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
পুমা শেন তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির একজন আইনপ্রণেতা। চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ভুয়া তথ্য ছড়ানোর বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি।
২০২৪ সালের অক্টোবরে চীনের তাইওয়ানবিষয়ক দপ্তর তাঁকে 'একগুঁয়ে তাইওয়ান স্বাধীনতাপন্থী বিচ্ছিন্নতাবাদী' হিসেবে তালিকাভুক্ত করে। একই সঙ্গে তাঁর সহপ্রতিষ্ঠিত বেসামরিক প্রতিরক্ষা সংগঠন 'কুমা একাডেমি'র বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিও অভিযোগ করেছে, শেন নির্বাচনে ভোট পাওয়ার জন্য চীনবিরোধী মনোভাবকে কাজে লাগাচ্ছেন। বেইজিংয়ের দাবি, তিনি চীনের হুমকির বিষয়টি সামনে এনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
নজরদারির অভিযোগে নতুন বিতর্ক
পুমা শেনকে ঘিরে নিরাপত্তা ও নজরদারির বিষয়টিও নির্বাচনের আগে আলোচনায় এসেছে। গত অক্টোবরে তাঁর বাসার বাইরে রাখা একটি স্কুটারে নজরদারির সরঞ্জাম স্থাপনের অভিযোগে চারজনকে অভিযুক্ত করে তাইপের প্রসিকিউটররা। এ ঘটনায় হংকংয়ের দুই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
তাইওয়ানের কর্তৃপক্ষের অভিযোগ, নির্বাচনের আগে দেশটিতে বিদেশি প্রভাব বিস্তারের চেষ্টা বাড়ছে। তবে এসব ঘটনার সঙ্গে চীনের সরাসরি সম্পৃক্ততা নিয়ে চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়নি।
এর আগে তাইওয়ানের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে চীন-সংশ্লিষ্ট হাজার হাজার সন্দেহভাজন অ্যাকাউন্টের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তারের প্রচেষ্টার অভিযোগ তুলেছিলেন। চীন অবশ্য তাইওয়ানের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।
তাইপের মেয়র নির্বাচনে পুমা শেনের প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন। তিনি চীনের সঙ্গে তুলনামূলক ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে থাকা বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) নেতা।
২০২২ সাল থেকে তাইপের মেয়রের দায়িত্ব পালন করছেন চিয়াং। এবারের নির্বাচনে তাঁর প্রচারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে নগর উন্নয়ন, পানির নিরাপত্তা এবং তাইপেতে এনভিডিয়ার নতুন সদর দপ্তর স্থাপনের পরিকল্পনা।
অন্যদিকে, পুমা শেন নগর পুনর্গঠন, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় নীতিগত সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
নির্বাচনী প্রচারে দুই প্রার্থীই চীন-তাইওয়ান সম্পর্কের চেয়ে স্থানীয় সমস্যাগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে শেনকে ঘিরে বেইজিংয়ের অবস্থানের কারণে নির্বাচনটি আন্তর্জাতিক পর্যায়েও বিশেষ গুরুত্ব পেয়েছে।
এবারের নির্বাচনে তাইওয়ানের ২২টি শহর ও কাউন্টির জনপ্রতিনিধি নির্বাচন করবেন ভোটাররা। প্রায় দুই কোটি ভোটার ১১ হাজার ৫১টি স্থানীয় পদে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন।
নির্বাচনের ফলাফল শুধু স্থানীয় প্রশাসনের নেতৃত্ব নির্ধারণ করবে না, বরং ২০২৮ সালের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২২ সালের স্থানীয় নির্বাচনে কুওমিনতাং ১৪টি শহর ও কাউন্টিতে জয় পেয়েছিল। ক্ষমতাসীন ডিপিপি পেয়েছিল পাঁচটি, তাইওয়ান পিপলস পার্টি দুটি এবং স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয়ী হয়েছিলেন।
এবারের নির্বাচনেও কোন দল কতটা জনসমর্থন ধরে রাখতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ রয়েছে। বিশেষ করে তাইপের মেয়র পদে লড়াইকে এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: রয়টার্স।