ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সব সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। একই সঙ্গে তেল পাচারের অভিযোগে সীমান্ত বন্দর কর্তৃপক্ষের প্রধানসহ কিরকুকের একাধিক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি। রাষ্ট্রীয় তেল কোম্পানির কয়েকজন কর্মকর্তাকেও তদন্তের স্বার্থে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইরাকের প্রধানমন্ত্রীর গণমাধ্যম দপ্তরের বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতি অনুযায়ী, কিরকুক অঞ্চলে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য পাচার ঠেকাতে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে কিরকুক অপারেশনস কমান্ডার ও পুলিশপ্রধানকে অপসারণ করা হয়েছে।
এ ছাড়া এনার্জি পুলিশের প্রথম ব্রিগেডের কমান্ডার, তাঁর উপপ্রধান, গোয়েন্দা বিভাগের পরিচালক এবং চেকপোস্ট বিভাগের প্রধানকেও দায়িত্ব থেকে সরানো হয়েছে।
রাষ্ট্রীয় নর্থ অয়েল কোম্পানির মহাপরিচালক ও তাঁর উপপরিচালকদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়েছে। কোম্পানিটির সাবেক পরিচালককেও তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব তদন্ত পরিচালনা করবে দেশটির ফেডারেল কমিশন অব ইন্টেগ্রিটি।
প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কুর্দিস্তান অঞ্চলের সব সীমান্ত ক্রসিংয়ের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের সীমান্ত বন্দর কর্তৃপক্ষের হাতে হস্তান্তর।
একই সঙ্গে কুর্দিস্তান আঞ্চলিক সরকারকে (কেআরজি) অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানির অনুমোদন শুধু ইরাকের কেন্দ্রীয় তেল মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাগদাদের ভাষ্য, প্রশাসনিক ক্ষমতার দ্বৈততা ও অনিয়ম দূর করতে এবং দেশের প্রাকৃতিক সম্পদের ওপর কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া ইরাকের আন্তর্জাতিক সীমান্তে থাকা সব অনানুষ্ঠানিক ক্রসিং বন্ধ করতে সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় কুর্দিস্তান অঞ্চলের অনানুষ্ঠানিক সীমান্তপথও রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দিয়ালা, সালাহউদ্দিন, কিরকুক ও নিনেভেহ প্রদেশের সঙ্গে কুর্দিস্তান অঞ্চলের সংযোগকারী অনানুষ্ঠানিক সড়ক ও পথ বন্ধের দায়িত্ব দেওয়া হয়েছে।
সীমান্ত নিয়ন্ত্রণের পাশাপাশি কুর্দিস্তান আঞ্চলিক সরকারের নিরাপত্তা নিয়ন্ত্রণে থাকা চার প্রদেশের কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন তেলক্ষেত্রগুলোর ব্যবস্থাপনাও কেন্দ্রের হাতে নেওয়ার নির্দেশ দিয়েছেন আল-জাইদি।
প্রদেশ চারটি হলো—দিয়ালা, কিরকুক, সালাহউদ্দিন ও নিনেভেহ।
এসব তেলক্ষেত্রের নিরাপত্তা, নজরদারি ও সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে এনার্জি পুলিশকে। প্রয়োজনে ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থাও করা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরও বলা হয়েছে, নর্থ অয়েল কোম্পানির বিভিন্ন চুক্তি, তেল সরবরাহ, রপ্তানির পরিমাণ এবং সীমান্ত ক্রসিং দিয়ে পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনে সম্ভাব্য অনিয়মের নথি বিচার বিভাগ ও দুর্নীতিবিরোধী কমিশনের কাছে পাঠাতে হবে।
ইরাকের তেলসম্পদ রক্ষায় প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর পরিকল্পনাও নিয়েছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির সব সচল তেলকূপে ইলেকট্রনিক মিটার স্থাপন করা হবে। পাশাপাশি পাইপলাইনের গতিবিধি পর্যবেক্ষণ এবং তেল পাচার শনাক্ত করতে একটি জাতীয় ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা হবে।
সুলাইমানিয়া, এরবিল ও দোহুক প্রদেশে প্রবেশপথে পরিদর্শনকেন্দ্র ও পরীক্ষাগার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব কেন্দ্রে তেল মন্ত্রণালয়, এনার্জি পুলিশ ও জাতীয় নিরাপত্তা পরিষেবার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। তাঁদের মাধ্যমে এসব অঞ্চলে প্রবেশ করা পেট্রোলিয়ামজাত পণ্যের মান ও পরিমাণ পরীক্ষা করা হবে।
এ ছাড়া তেল, শিল্প, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
ইরাকের কেন্দ্রীয় সরকার ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের মধ্যে তেল রপ্তানি এবং রাজস্ব বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া কুর্দি কর্তৃপক্ষের তেল বিক্রির বিষয়টি দুই পক্ষের সম্পর্কে একাধিকবার টানাপোড়েন তৈরি করেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এ বিরোধের কারণে তুরস্কে পাইপলাইনের মাধ্যমে ইরাকের তেল রপ্তানি দুই বছরের বেশি সময় বন্ধ ছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে দুই পক্ষের সমঝোতার পর আবারও রপ্তানি শুরু হয়।
এবার তেল পাচার তদন্তের পর কুর্দিস্তানের সীমান্ত ক্রসিং ও তেলক্ষেত্রের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর সিদ্ধান্তে দুই পক্ষের মধ্যে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিরোধ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে মধ্য ইরাকের জুরফ আল-সাখার এলাকায় তেল পাচার ও অবৈধ পাইপলাইন ব্যবহারের অভিযোগে নিরাপত্তা বাহিনীর অভিযান চালানো হয়। ওই ঘটনায়ও একাধিক সরকারি কর্মকর্তা বরখাস্ত হন।
ইরাক সরকার বলছে, দেশের তেলসম্পদ রক্ষা, অবৈধ বাণিজ্য বন্ধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করতেই দেশজুড়ে এই অভিযান চালানো হচ্ছে। তবে নতুন সিদ্ধান্তগুলো কুর্দিস্তান অঞ্চলে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব কতটা কার্যকরভাবে প্রতিষ্ঠা করতে পারবে, সেটিই এখন বড় প্রশ্ন।
সূত্র: রয়টার্স
ইরান যুদ্ধের প্রভাবে কমছে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত, আটকে আছে ইউক্রেনের ৬০ প্যাট্রিয়ট
ভুল হিসাব করলে যুদ্ধক্ষেত্রের সমীকরণ বদলে দেবে ইরান
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারের