পাকিস্তানে ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে নিখোঁজ ১৭

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে নির্মাণাধীন ছয়তলা একটি ভবন ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। ধ্বংসস্তূপের নিচে অন্তত ১৭ জন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে বৃহস্পতিবারও অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বুধবার করাচির বেলুচ কলোনি এলাকায় ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথম দিকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও রাতভর অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা আম্মার আওয়ানের বরাত দিয়ে এপি জানিয়েছে, আহত ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে সরকারি কর্মকর্তা নাসরুল্লাহ আব্বাসি জানিয়েছেন, নিখোঁজদের পরিবারের সদস্যরা ১৭ জনের খোঁজ না পাওয়ার কথা কর্তৃপক্ষকে জানিয়েছেন।

করাচির মেয়র মুর্তজা ওয়াহাব বলেছেন, ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আটকে থাকলে তাদের উদ্ধারের বিষয়টিই এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। উদ্ধার অভিযানে সব ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল কাজে লাগানো হচ্ছে।

প্রাথমিক তদন্তে ভবনটির নির্মাণ অনুমোদন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আবাসিক ব্যবহারের জন্য নির্ধারিত জমিতে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত তলা নির্মাণের অভিযোগও রয়েছে।

দুর্ঘটনার কারণ এবং নির্মাণকাজে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পর সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ দায়িত্বে অবহেলার অভিযোগে একাধিক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সিন্ধু বিল্ডিং কন্ট্রোল অথরিটির মহাপরিচালকসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। পাশাপাশি ১৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং ভবনটির মালিক ও নির্মাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানে ভবন ধসের ঘটনা নতুন নয়। নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ না করা, দুর্বল অবকাঠামো এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে দেশটিতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। করাচিতে অপরিকল্পিত নগরায়ণ ও ভবন নির্মাণে অনিয়ম নিয়েও দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে।

উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।