রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়ের সব নির্দেশনা বাস্তবায়ন করবে না মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং জানিয়েছেন, আদালতের যেসব নির্দেশ তাদের কাছে ‘অনুপযুক্ত’ মনে হবে, সেগুলো মানতে বাধ্য নয় তার প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বুধবার এক বৈঠকে দেওয়া বক্তব্যে মিন অং হ্লাইং বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে আদালতের এমন কোনো শর্ত তারা মেনে নেবে না, যেগুলোকে অনুপযুক্ত বলে মনে করে। অবশ্য কোন কোন নির্দেশনা তারা প্রত্যাখ্যান করতে চায়, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে আইসিজে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ঘোষণা করেন। এতে ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা হয়। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করে চূড়ান্ত রায় দেওয়া হলো।
রায়ে মিয়ানমারকে গণহত্যা কনভেনশনের লঙ্ঘন বন্ধ, অপরাধে জড়িত সন্দেহভাজনদের তদন্ত ও বিচার এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি, হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে।
আদালত আরও নির্দেশ দিয়েছে, গণহত্যার শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও নিখোঁজদের সন্ধানে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এসব নির্দেশ বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দুই বছরের মধ্যে আইসিজেকে জানাতে হবে মিয়ানমারকে।
তবে রায়ের পর থেকেই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসছে মিয়ানমার। দেশটির কর্তৃপক্ষের দাবি, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে রাখাইনে পরিচালিত সামরিক অভিযান ছিল সন্ত্রাসবিরোধী কার্যক্রম, গণহত্যা নয়। মিন অং হ্লাইংও আদালতের সিদ্ধান্তকে একপাক্ষিক অভিযোগ হিসেবে আখ্যা দিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, ২০১৭ সালের সামরিক অভিযানের সময় সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন।
আইসিজের রায় চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক হলেও আদালতের নিজস্ব কোনো সরাসরি শাস্তি কার্যকরের ব্যবস্থা নেই। কোনো রাষ্ট্র রায় বাস্তবায়নে অস্বীকৃতি জানালে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা যেতে পারে। তবে সেখানে স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কারণে কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন হতে পারে।
মিয়ানমারের এই অবস্থানের ফলে রোহিঙ্গাদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স
ইসলাম ও ইরানের শত্রুদের আঘাত করার সুযোগ হাতছাড়া করবে না বাসিজ: খামেনি
পাকিস্তান পেরিয়ে ভারতে গ্যাস নিতে চায় তুর্কমেনিস্তান
অভিবাসননীতিতে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে ট্রাম্প