সিঙ্গাপুরে পার্লামেন্ট নির্বাচনে চলছে ভোটগ্রহণ

নগররাষ্ট্র সিঙ্গাপুরে পার্লামেন্ট নির্বাচনের ভোট শুরু হয়েছে। দেশটির ১ হাজার ২৪০টি ভোটকেন্দ্রে একযোগে শুরু হয়েছে এই ভোটগ্রহণ। সিঙ্গাপুরের ৯৭টি আসনবিশিষ্ট পার্লামেন্টের ৯২টি আসনে এবার নির্বাচন হচ্ছে।
 
শনিবার (৩ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত। এরপর ভোটের ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল রোববার। 
এবারের নির্বাচনের ফলাফল নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, আবাসন, চাকরি, স্বাস্থ্যসেবা ও বয়স্ক লোকজনের নিরাপত্তার মতো ইস্যুগুলো মুখ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন দেশটির রাজনীতি বিশ্লেষকরা।
 
সিঙ্গাপুরের বৃহত্তম রাজনৈতিক দল পিপল’স অ্যাকশন পার্টি (প্যাপ)। ১৯৫৯ সাল থেকে এ পর্যন্ত প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়েছে দলটি। এবারের নির্বাচনেও প্যাপের জয়ের সম্ভাবনা প্রায় শতভাগ। তবে প্রশ্ন হলো বিরোধীদের সঙ্গে জয়ের ব্যবধান নিয়ে। কারণ ১৯৫৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সিঙ্গাপুরে যত নির্বাচন হয়েছে, প্রতিটিতে ভূমিধস বিজয় পেয়েছে পিপল’স অ্যাকশন পার্টি; পার্লামেন্টের ৯০ শতাংশ আসনে জয় পেয়েছেন প্যাপের প্রার্থীরা। তবে ২০২০ সালে এই চিত্র খানিকটা উল্টে যায়।
 
বরাবরের মতো সেই নির্বাচনেও জয় পেয়েছিল পিপল’স অ্যাকশন পার্টি, তবে সেবার পার্লামেন্টের ৬০ শতাংশ আসনে জয় পেয়েছিলেন দলটির প্রার্থীরা। বাকি ৪০ শতাংশ বা ১০টি আসনে জয় পায় বিরোধী দল ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা। ১৯৫৯ সাল থেকে যত নির্বাচন হয়েছে সিঙ্গাপুরে, তার মধ্যে সেবারই ফলাফল সবচেয়ে খারাপ ছিল প্যাপের। সূত্র : রয়টার্স