পবিত্র রমজান মাস বিদায়ের পথে। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ এখন শাওয়ালের বাঁকা চাঁদ দেখার অপেক্ষায় মুখিয়ে আছে। এর মধ্যেই তুরস্ক ও সিঙ্গাপুর পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। ভৌগোলিক অবস্থান এবং জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের পার্থক্যের কারণে দেশ দুটিতে ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালিত হবে।
তুরস্ক সরকার ও সে দেশের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ মার্চ) তুরস্কের আকাশ থেকে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্ক সাধারণত ধর্মীয় উৎসবের ক্ষেত্রে আধুনিক বৈজ্ঞানিক ক্যালেন্ডার ও হিসাব-নিকাশ অনুসরণ করে থাকে।
অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর ঘোষণা করেছে যে সেখানে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। দেশটির ইসলামিক ধর্মীয় কর্তৃপক্ষ (MUIS) জানিয়েছে, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশসীমায় চাঁদ দৃশ্যমান হওয়ার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা নেই। এর ফলে সিঙ্গাপুরে এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হতে যাচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় দেশেই আজ বুধবার (১৮ মার্চ) রমজানের ২৮তম দিন অতিবাহিত হচ্ছে। আধুনিক টেলিস্কোপ ও প্রযুক্তির সাহায্যে এই পূর্বাভাস দেওয়া হলেও মুসলিম বিশ্বে সাধারণত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত ঘোষণা আসে। তবে তুরস্ক ও সিঙ্গাপুরের এই আগাম ঘোষণা প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় মুসলিমদের ঈদ প্রস্তুতির জন্য সহায়ক হবে।
উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে তারা কবে ঈদ পালন করবে।
আরব আমিরাতে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ
