হাদির জানাজায় অংশগ্রহণে জবি শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ এএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের জন্য বিশেষ যাতায়াত ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশে বাসগুলো ছেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানাজায় অংশ নিতে ইচ্ছুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি।

আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

DR/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত