নির্বাচনি হলফনামা

নাসীরুদ্দীন পাটওয়ারীর সম্পদ ৪০ লাখ টাকা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তার নির্বাচনি হলফনামা অনুযায়ী, তিনি মোট প্রায় ৪০ লাখ টাকার সম্পদের হিসাব দিয়েছেন।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার কাছে নগদ ২৫ লাখ টাকা রয়েছে। পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ডাচ্‌-বাংলা ব্যাংকে তার মোট প্রায় ১৮ হাজার টাকা জমা আছে। এছাড়া তার কাছে ১০ লাখ টাকার স্বর্ণ, ৪০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ১ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। তবে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২৬ লাখ ৩০ হাজার ৩০০ টাকা।

হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর সম্পদের পরিমাণ আনুমানিক ২৩ লাখ টাকা। এর মধ্যে নগদ ৫ লাখ টাকা, ব্যাংকে জমা ৬ লাখ ১৯ হাজার টাকার বেশি এবং ১২ লাখ টাকার স্বর্ণ রয়েছে।

ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা নাসীরুদ্দীন পাটওয়ারী পেশায় একজন মার্কেটিং কনসালট্যান্ট। তার বার্ষিক মোট আয় চার লাখ ৪৭ হাজার ৩৩৩ টাকা। এর মধ্যে বর্তমান কনসালটেন্সি কাজ থেকে আয় দুই লাখ দুই হাজার টাকা এবং চাকরি থেকে আয় দুই লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা।

তার বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। ২০১৩ সালে তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছিল একটি বিস্ফোরক দ্রব্য আইনে এবং আরেকটি দণ্ডবিধির বিভিন্ন ধারায়। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারি ও জুনে তিনি উভয় মামলাতেই খালাস পান।

হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী বা তার পরিবারের কারও কোনো ঋণ বা দেনা নেই।

NB/FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত