উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। এতে উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে।
জানা গেছে, ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে শিমুলতলী এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভুরুলিয়া এলাকায় পৌঁছে রেলপথের ওপর অবস্থান নেয়। এর ফলে ওই রুটে চলাচলকারী সকল ট্রেনের সিডিউল বিঘ্নিত হয় এবং বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ কোটা দেওয়ার প্রস্তাব একটি গভীর ষড়যন্ত্র। তাদের দাবি, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে এবং কারিগরি শিক্ষাকে ধ্বংস করতেই এই অযৌক্তিক সুপারিশ করা হয়েছে। অবিলম্বে এই কোটা পদ্ধতি বাতিল করে ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রেলপথ অবরোধের কারণে ধীরাশ্রম ও জয়দেবপুরসহ কয়েকটি স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে।
দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা ডিপ্লোমা প্রকৌশলীদের
