সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকায় জামায়াতের সন্তোষ প্রকাশ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

চলমান ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সামগ্রিক ভূমিকার ওপর সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান।

জামায়াত আমির বলেন, ‘যে চেতনার প্রতি সম্মান রেখে দেশে জুলাই বিপ্লব হয়েছিল, সেই চেতনারই বিজয় হবে আজকের নির্বাচনে। এই নির্বাচন মূলত ফ্যাসিবাদবিরোধী সকল আত্মদানের সম্মিলিত ফসল।’

সেনাবাহিনীর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট। ভোটগ্রহণ শেষ করে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত আমরা তাদের এমন দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা করছি।’

তবে সন্তোষ প্রকাশের পাশাপাশি দেশের কিছু জায়গায় বিচ্ছিন্ন বিশৃঙ্খলার অভিযোগও তোলেন ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, রাজধানীর মিরপুরের একটি কেন্দ্রে তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র দখল এবং প্রার্থীর ওপর চড়াও হওয়ার ঘটনা ঘটেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এসব অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে আমরা মানতে পারব না।’

উল্লেখ্য, আজ দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ চলছে। মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াত প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশজুড়ে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

FJ
আরও পড়ুন