খুলনায় ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় খুলনা জেলা স্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতার পর্দা উন্মোচিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জুলফিকার আলী খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সিনিয়র ডিভিশন ক্রিকেট লীগ কমিটির চেয়ারম্যান মোল্লা খায়রুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহ আসিফ হোসেন রিংকু, জাকির হোসেন রিপন, এম সাইফুল ইসলাম এবং শাহনাজ খাতুনসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনের পরপরই টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় মাঠে নামে বাগেরহাট ও মেহেরপুর জেলা দল। জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করতে এবং নতুন প্রতিভা অন্বেষণে এ ধরনের জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিথিরা এই প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং আশাবাদ জানান যে, এখান থেকেই আগামী দিনের তারকা ক্রিকেটাররা উঠে আসবে।

খুলনা জেলা স্টেডিয়ামের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য ভেন্যুতেও টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

NB
আরও পড়ুন