বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। খেলাফত মজলিসের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ঢাকা-১৩ আসনের ‘ফলাফল ডাকাতি’ এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের অব্যাহত মিথ্যাচার অচিরেই বর্তমান সরকার পতনের কারণ হতে পারে।
রোববার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এই হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ববি হাজ্জাজের দেওয়া বক্তব্যকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র নিন্দা জানানো হয়। জালালুদ্দীন আহমদ বলেন, ‘ববি হাজ্জাজের এই হুমকি কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। জনগণের স্পষ্ট রায়কে আড়াল করতেই এখন অপপ্রচার ও মামলার আশ্রয় নেওয়া হচ্ছে।’
বিবৃতিতে ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগ তুলে বলা হয়, মামুনুল হকের ‘রিকশা’ প্রতীকের বিপুল জনসমর্থন দেখে একটি প্রভাবশালী চক্র ফলাফল বিকৃতির নীলনকশা বাস্তবায়ন করেছে। অসংখ্য বৈধ ভোট বাতিল করা, ফলাফল শিটে ঘষামাজা (টেম্পারিং) এবং চূড়ান্ত ফলাফল পরিবর্তনের মাধ্যমে প্রকাশ্য ‘রেজাল্ট ডাকাতি’ করা হয়েছে। একাধিক টেলিভিশন চ্যানেলে ২০ মিনিট ধরে মামুনুল হককে বিজয়ী দেখানোর পর হঠাৎ ফলাফল পরিবর্তন জনমনে গভীর সন্দেহ সৃষ্টি করেছে। এ নিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিলেও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করে দলটি।
বিবৃতিতে আরও বলা হয়, বিগত ফ্যাসিবাদী শাসনামলে যেভাবে মামুনুল হককে দমনে মিথ্যা মামলা ও চরিত্রহননের পথ বেছে নেওয়া হয়েছিল, বর্তমানেও সেই একই ধারার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। শেখ হাসিনার পরিবারের সঙ্গে ববি হাজ্জাজের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে রোববার সকালে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গিয়ে ববি হাজ্জাজ অভিযোগ করেন, মামুনুল হকের সমর্থকরা কেন্দ্র দখল ও সহিংসতা চালিয়েছে। এ সময় তিনি মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করার হুঁশিয়ারি দেন।
মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের
