অপসারণের গুঞ্জনে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন আহসান এইচ মনসুর

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেছেন ড. আহসান এইচ মনসুর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ব্যাংক থেকে বেরিয়ে যান। তবে তিনি নিজে পদত্যাগ করেননি বলে সাংবাদিকদের জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, প্রতিদিনের মতো আজ সকালেও নিয়মিত দাপ্তরিক কাজের জন্য কার্যালয়ে আসেন ড. আহসান এইচ মনসুর। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে তার অপসারণ এবং নতুন গভর্নর নিয়োগের খবর ছড়িয়ে পড়ে। এ খবর শোনার পর তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক কথা না বলেই তাৎক্ষণিক অফিস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক প্রস্থান ঘিরে কেন্দ্রীয় ব্যাংক ভবনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অফিস ছাড়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, ‘আমি পদত্যাগ করিনি, তবে খবরে (অপসারণের কথা) শুনেছি।’ এর বাইরে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মোস্তাকুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এছাড়া তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং হিরা সোয়েটারের মালিক। তার নিয়োগ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ড. আহসান এইচ মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো। সরকারের উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছেন আর্থিক খাতের সংশ্লিষ্টরা।

FJ
আরও পড়ুন