বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী ৫ অথবা ৮ মার্চের মধ্যে শিক্ষক-কর্মচারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন-ভাতা পাবেন বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাউশির অর্থ ও ক্রয় শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল বুধবার মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল বেতনের এই প্রস্তাবনা তৈরি করে সংশ্লিষ্ট শাখায় জমা দেয়।
মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে জানান, আজ বৃহস্পতিবার বেতনের প্রস্তাবনাটি মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। মন্ত্রণালয় থেকে দ্রুত অনুমোদন পেলে আগামী ৫ থেকে ৮ মার্চের মধ্যেই শিক্ষকদের বেতন-ভাতা ছাড় করা সম্ভব হবে।
নিয়ম অনুযায়ী, প্রতি মাসের শেষে বা পরের মাসের শুরুতে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনের মাধ্যমে বেতনের চাহিদা পাঠান। এরপর মাউশি তা যাচাই-বাছাই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর বেতনের অর্থ নির্ধারিত ব্যাংকগুলোতে পাঠানো হয়।
উল্লেখ্য, ডিজিটাল বিল দাখিল ও অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে বর্তমানে শিক্ষকদের বেতন-ভাতা প্রদান কার্যক্রম অনেক বেশি স্বচ্ছ ও দ্রুততর হয়েছে।
৪ সরকারি কলেজে বকেয়া বেতন-ভাতায় বরাদ্দ ১৪ কোটি
