টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণ করার অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে অবহিত করেন যে, অভিযুক্ত টিউলিপ সিদ্দিক বর্তমানে দেশত্যাগ করে বিদেশে অবস্থান করছেন এবং মামলার আলামত নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ জারি করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই রেড নোটিশ জারির আদেশকে সেই প্রক্রিয়ারই একটি বড় অংশ হিসেবে দেখছেন আইন সংশ্লিষ্টরা।

FJ
আরও পড়ুন