ইরানের নির্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির শীর্ষ রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্র করার দায়ে আসিফ মার্চেন্ট নামে এক পাকিস্তানি নাগরিককে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
শুক্রবার (৬ মার্চ) নিউ ইয়র্কের ব্রুকলিন আদালতের জুরি বোর্ড এই রায় প্রদান করেন বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ (DOJ)।
আদালতের নথিপত্রে জানানো হয়েছে, ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এবং নিকি হ্যালিকে হত্যার একটি সূক্ষ্ম পরিকল্পনা করেছিলেন আসিফ মার্চেন্ট। মূলত ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি নিহতের প্রতিশোধ নিতেই তেহরানের পক্ষ থেকে এই মিশনে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
আসিফ মার্চেন্টের বিরুদ্ধে ‘ভাড়ায় খুনি নিয়োগ’ এবং ‘আন্তর্জাতিক সীমানা পেরিয়ে সন্ত্রাসবাদের চেষ্টা’র অভিযোগ প্রমাণিত হয়েছে। শুনানিতে তিনি স্বীকার করেছেন যে, তিনি ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে এই ষড়যন্ত্রে যুক্ত হয়েছিলেন। তবে তার দাবি, তেহরানে থাকা নিজের পরিবারকে রক্ষা করতেই অনিচ্ছাসত্ত্বেও তিনি এই কাজ করতে রাজি হয়েছিলেন।
২০২৪ সালের এপ্রিলে আসিফ মার্চেন্ট এই হত্যাকাণ্ডগুলো সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রে লোক নিয়োগের চেষ্টা করেন। তবে তিনি যার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তিনি মূলত মার্কিন গোয়েন্দা সংস্থার একজন তথ্যদাতা ছিলেন। তার মাধ্যমেই পুরো বিষয়টি ফাঁস হয়ে যায় এবং সেই বছরের শেষ দিকে আসিফকে গ্রেপ্তার করা হয়।
এই মামলার রায় এমন এক সময়ে এলো যখন ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত এক সপ্তাহের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ প্রায় সব নেতৃত্ব নিহত হয়েছেন। জেনেভায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের দেওয়া তথ্যমতে, শনিবার থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ১,৩৩২ জন ইরানি বেসামরিক নাগরিক নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, কুয়েতে ইরানি হামলায় ৬ মার্কিন সেনা এবং ইসরায়েলে ১০ জন বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে।
যাদের কথা ভেবেছিলাম তারা সবাই শেষ: ট্রাম্প
