বাহরাইনে ইরানের ড্রোন হামলায় শিশুসহ আহত ৩২

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:৫১ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তজেনার মধ্যেই বাহরাইনের রাজধানী মানামার কাছে এক ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (৯ মার্চ) সকালে চালানো এই হামলায় দুই মাসের এক শিশুসহ অন্তত ৩২ জন বাহরাইনি নাগরিক আহত হয়েছেন। 

বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, আহত ৩২ জনের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে, যার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, আহতদের মধ্যে মাত্র দুই মাস বয়সী একটি শিশুও রয়েছে। বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বেশ কয়েকজন শিশুর জরুরি অস্ত্রোপচার প্রয়োজন এবং তাদের বর্তমানে বিশেষায়িত হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ড্রোনের আঘাতে শুধু মানুষই নয়, বেশ কিছু বেসামরিক অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর পুরো মানামায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাহরাইন সরকার এই আক্রমণকে একটি ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে।

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে চলমান সংঘাতের অংশ হিসেবে এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল, তবুও ড্রোনটি কীভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানল তা খতিয়ে দেখছে দেশটির প্রতিরক্ষা বিভাগ।

এই হামলার পর বাহরাইনের সেনাবাহিনী রাজধানী এবং এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ জোরদার করেছে। যেকোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য তারা উচ্চ সতর্কতায় রয়েছে। বাহরাইনের সাধারণ মানুষ এবং প্রশাসন এই ঘটনার পর ইরানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। সূত্র: বিবিসি

FJ
আরও পড়ুন