হরমুজে তেলবাহী জাহাজে এখনই পাহারা দিতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:৪০ পিএম

যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিয়ে পার করে দিতে তাদের নৌবাহিনী এখনও প্রস্তুত নয়। বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এখন এমন কথা জানালেও ৪৮ ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে তিনি দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সফলভাবে একটি তেলবাহী জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপত্তা দিয়ে পার করে দিয়েছে।

এই ঘোষণার পর ভালো খবর হিসেবে বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় এবং তেলের দাম কমে যায়। তবে কয়েক মিনিট পরই সেই বার্তাটি মুছে ফেলা হয়। পরে হোয়াইট হাউস নিশ্চিত করে জানায়, হরমুজ প্রণালি দিয়ে কোনো তেলবাহী জাহাজকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আসলে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়নি।

এরপরপরই আবার তেলের দাম বেড়ে যায়। বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেল সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ক্রিস রাইট বলেন, ‘এটি তুলনামূলকভাবে শিগগিরই ঘটবে, কিন্তু এখনই সম্ভব নয়। আমরা এখনও প্রস্তুত নই। বর্তমানে আমাদের সব সামরিক সক্ষমতা ইরানের আক্রমণাত্মক সামরিক ক্ষমতা এবং সেই সক্ষমতাকে সহায়তা করা উৎপাদন শিল্প ধ্বংস করার কাজে নিয়োজিত রয়েছে।’

AHA
আরও পড়ুন