বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিশেষ চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।’
নরেন্দ্র মোদি তাঁর চিঠিতে রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বিগত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন। ঈদুল ফিতর আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।’
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি। আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আগামীতে আরও দৃঢ় হোক।’
চিঠির শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সর্বোচ্চ সম্মানের আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

