ক্রিকেটের জনপ্রিয়তা ইউরোপে বাড়াতে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেট আয়ারল্যান্ড। ‘ইউরো নেশনস কাপ’ নামের এই প্রস্তাবিত আসর ২০২৭ সালেই মাঠে গড়াতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস।
প্রস্তাবিত এই টুর্নামেন্টটি অনেকটা এশিয়া কাপের আদলে আয়োজন করা হবে। এতে ইউরোপের শীর্ষ ও উদীয়মান দলগুলো অংশ নিতে পারে। সম্ভাব্য অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ইতালি।
পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও একই ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ম্যাচগুলো টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ার সম্ভাবনাই বেশি।
২০২৬ সালের আন্তর্জাতিক সূচি ঘোষণা করতে গিয়ে ম্যাকনিস জানান, বিষয়টি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করেছেন। বিশেষ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আলোচনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ২০২৭ সালের গ্রীষ্মেই টুর্নামেন্টটি শুরু করা সম্ভব হতে পারে।
তবে টুর্নামেন্টের চূড়ান্ত ফরম্যাট, অংশগ্রহণকারী দল ও অন্যান্য বিস্তারিত আগামী কয়েক মাসের মধ্যে নির্ধারণ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, এই টুর্নামেন্ট বাস্তবায়িত হলে ইউরোপে ক্রিকেটের প্রসারে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে ছোট দলগুলোর জন্য এটি হবে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
রাজধানী ঢাকায় ঈদের জামাত কোথায় কখন
