মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য শান্তি আলোচনার গুঞ্জন জোরালো হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই বিশেষ বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
মঙ্গলবার (২৪ মার্চ) কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।
এর আগে ধারণা করা হয়েছিল, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অথবা জামাতা জ্যারেড কুশনার মার্কিন দলের প্রধান হতে পারেন। তবে শেষ মুহূর্তে জেডি ভ্যান্সের মতো উচ্চপদস্থ কাউকে সামনে আনার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, ট্রাম্প প্রশাসন এই শান্তি আলোচনাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং যুদ্ধের একটি দ্রুত রাজনৈতিক সমাধান চাইছে।
হোয়াইট হাউস ইতোমধ্যে নিশ্চিত করেছে যে, গত রোববার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ সময় ধরে টেলিফোনে আলোচনা হয়েছে। সেই আলোচনার সূত্র ধরেই ইসলামাবাদকে বৈঠকের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যেই এই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে বা অত্যন্ত গোপনে অনুষ্ঠিত হতে পারে।
গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়, স্টিভ উইটকফ ইতোমধ্যেই ইসলামাবাদ সফরের প্রস্তুতি শুরু করেছেন। তবে ইরানের পক্ষ থেকে এই উচ্চপর্যায়ের বৈঠকে কে অংশ নেবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইসলামাবাদে কি মুখোমুখি হবে ইরান ও যুক্তরাষ্ট্র? 
