শিগগিরই মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রায় এক হাজার সেনা খুব শিগগিরই এই অঞ্চলে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সেনারা যুক্তরাষ্ট্রের ৮২তম এয়ারবর্ন ডিভিশনের সদস্য। তাদের সঙ্গে থাকবেন ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ব্র্যান্ডন টেগ্টমায়ার এবং তার স্টাফরাও। প্রাথমিকভাবে একটি ব্যাটালিয়ন ও ডিভিশনের কিছু অংশ এক সপ্তাহের মধ্যেই রওনা দিতে পারে, যদিও পরিস্থিতি অনুযায়ী এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

এই ইউনিটটি মূলত তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাহিনী হিসেবে কাজ করবে। প্রয়োজন পড়লে দ্রুত যেকোনো পরিস্থিতিতে হস্তক্ষেপের জন্য প্রস্তুত রাখা হবে তাদের। সামান্য নোটিশেই মোতায়েন হতে পারে এমন সক্ষমতার কারণেই এই বাহিনীকে গুরুত্বপূর্ণ ধরা হয়।

এর আগে ২০২০ সালে ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর একই ধরনের পদক্ষেপ নিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই অভিজ্ঞতাকেই সামনে রেখে এবারও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়ানো হচ্ছে।

যদিও এখনো আনুষ্ঠানিক মোতায়েনের নির্দেশ জারি হয়নি, তবে তা খুব শিগগিরই আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা এগোচ্ছে এবং একটি সমঝোতার সম্ভাবনাও তৈরি হয়েছে।

তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন চিত্র দেখাচ্ছে। আলোচনার ইঙ্গিত থাকলেও মধ্যপ্রাচ্যে বাড়ানো হচ্ছে সামরিক শক্তি। ইতোমধ্যে দুইটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট ও অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এই অঞ্চলে পাঠানো হয়েছে বা পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে।

প্রতিটি ইউনিটে প্রায় সাড়ে চার হাজার মেরিন ও নৌসদস্য থাকেন। স্থল অভিযানের পাশাপাশি আকাশ ও লজিস্টিক সহায়তার শক্তিশালী সক্ষমতাও রয়েছে তাদের। সূত্র: সিএনএন

AS/SN
আরও পড়ুন