মাসুদ পেজেশকিয়ান

ইরান সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৫:০৭ এএম

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তার দেশ দৃঢ় প্রতিজ্ঞ। এ বিষয়ে ইরানের সংকল্পের ওপর তিনি বিশেষ জোর দিয়েছেন।

ফরাসি প্রতিপক্ষ ইমানুয়েল ম্যাকরন সাথে ফোনালাপে তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান বলেন, এই অঞ্চলে ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড এবং অনাচারের প্রতি অব্যাহত উদাসীনতা তাদের আগ্রাসনের পরিধিকে আরও প্রসারিত করবে এবং পশ্চিম এশিয়া অঞ্চল আরও নিরাপত্তাহীন হয়ে পড়বে।

আজকের পরিস্থিতির জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের অন্যান্য সমর্থকদের দায়ী করেন।

ইরানের প্রেসিডেন্ট মার্কিন-ইসরায়েলি অপরাধের রূপরেখা তুলে ধরে বলেন,গত নয় মাসে আমরা দ্বিতীয়বারের মতো আমেরিকা এবং ইসরায়েলের সামরিক আগ্রাসনের শিকার হয়েছি অথচ আমরা তাদের সাথে আলোচনার টেবিলে ছিলাম।

তিনি আরো বলেন, পৃথিবীর যে কোনও দেশ যারা আইনের শাসন এবং মানবাধিকারকে সমুন্নত রাখার দাবি করে তাদের উচিত ইসরায়েল ও আমেরিকার এই সুস্পষ্ট আগ্রাসন এবং অপরাধের নিন্দা করা।

পেজেশকিয়ান বলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এ অঞ্চলে আমাদের প্রতিবেশী দেশগুলোর সুবিধা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আমাদের বিরুদ্ধে আগ্রাসনমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

প্রেসিডেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা এবং মানুষ হত্যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নিন্দা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক ও আইনগত দায়িত্ব।

পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর ওপর আরোপিত নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি বলেন,ইরানের চেয়ে এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে কোনো দেশই বেশি উদ্বিগ্ন নয়।

পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতির বিষয়টি উপেক্ষা করার জন্য তিনি ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় কর্মকর্তাদের অবস্থানের সমালোচনা করেন। পেজেশকিয়ান বলেন, যে কোনও উদাসীনতা,তুষ্টি কিংবা আগ্রাসন আইনি ভিত্তি এবং আন্তর্জাতিক নিয়মকে দুর্বল করবে। আর এর পরিণতির শিকার হবে সব দেশ।

তিনি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি নৃশংস আগ্রাসন এবং দেশটির শত শত মানুষকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন ফার্সি নতুন বছর বা নওরোজের আগমনে ইরানের সরকার ও জাতিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ইরানের জনগণের জন্য শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি কামনা করেন। এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলীর কথা উল্লেখ করে তিনি বলেন,প্যারিস ইরানের ওপর ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা করেছে এবং কূটনীতির পথ পুনরুদ্ধারের জন্য যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

পেজেশকিয়ান ও ম্যাকরন দ্বিপাক্ষিক ও কনস্যুলার ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেছেন।

HN
আরও পড়ুন