যুদ্ধ নিয়ে ৪টি বড় তথ্য

‘অর্ধেক মিশন শেষ, ধ্বংসের মুখে ইরানের পরমাণু প্রকল্প’

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০২:২৫ পিএম

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার বিধ্বংসী যুদ্ধ এখন কোন পর্যায়ে রয়েছে এবং আগামীর পরিস্থিতি কী হতে পারে সে বিষয়ে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪টি তথ্য সামনে এসেছে। 

সোমবার (৩০ মার্চ) রয়টার্স, বিবিসি ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে যুদ্ধের এই নতুন মোড়গুলো ফুটে উঠেছে।

১. যুদ্ধ কি শেষ হতে যাচ্ছে?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরান যুদ্ধটি ইতোমধ্যে এর নির্ধারিত লক্ষ্যের ‘অর্ধেকেরও বেশি পথ’ অতিক্রম করেছে। তবে তিনি সতর্ক করে বলেন, এটি সময়ের হিসেবে নয় বরং অর্পিত সামরিক লক্ষ্য বা ‘মিশন’ অর্জনের হিসেবে। নেতানিয়াহু দাবি করেছেন, তাদের হামলায় হাজার হাজার ইরানি বিপ্লবী গার্ড (IRGC) সদস্য নিহত হয়েছেন এবং তারা ইরানের অস্ত্র কারখানা ও পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।

২. তেহরান ও দুবাইয়ে নতুন করে হামলা

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তারা তেহরানের ওপর নতুন করে বড় ধরণের বিমান হামলা শুরু করেছে। সংঘাতের প্রভাব পড়েছে পারস্য উপসাগরীয় দেশগুলোতেও। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের একটি ড্রোন হামলায় তাদের বন্দরে থাকা একটি বিশাল তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন ধরে যায়।

৩. হরমুজ প্রণালীতে ইসরায়েল-যুক্তরাষ্ট্র নিষিদ্ধ

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, দেশটির সংসদীয় কমিটি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আদায়ের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যেসব দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের কোনো জাহাজ এই কৌশলগত নৌপথ দিয়ে চলাচল করতে পারবে না। অর্থাৎ, বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ ধমনী এখন প্রতিপক্ষ দেশগুলোর জন্য রুদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

৪. ট্রাম্পের অবস্থান ও হোয়াইট হাউসের বিভক্তি

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন যে, হরমুজ প্রণালী বন্ধ থাকলেও তিনি সামরিক অভিযান শেষ করতে আগ্রহী। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের অবস্থান কিছুটা ভিন্ন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, "হরমুজ প্রণালী যেকোনো উপায়ে বা যেকোনো মূল্যে আবারও উন্মুক্ত করা হবে।" ট্রাম্পের যুদ্ধ শেষ করার ইচ্ছা এবং রুবিওর সামরিক শক্তি প্রয়োগের অনড় অবস্থানের মধ্যে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

NB/
আরও পড়ুন