মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সাধারণ নৌ-চলাচল প্রায় বন্ধ থাকলেও, সেই বাধা পেরিয়ে সফলভাবে পথ অতিক্রম করেছে চীনের রাষ্ট্রায়ত্ত শিপিং জায়ান্ট কসকো (COSCO)-র দুটি বিশালাকৃতির কন্টেইনার জাহাজ।
সোমবার (৩০ মার্চ) জাহাজ দুটি পারস্য উপসাগর থেকে সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হয়। বার্তাসংস্থা এএফপি জাহাজ ট্র্যাকিং ডেটার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
শিপ ট্র্যাকিং ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, সোমবার প্রথমে ‘সিএসসিএল ইন্ডিয়ান ওশেন’ জাহাজটি প্রণালিটি অতিক্রম করে। এর ঠিক ২৭ মিনিটের ব্যবধানে ‘সিএসসিএল আর্কটিক ওশেন’ জাহাজটিও সফলভাবে পার হয়। উভয় জাহাজই ইরান নিয়ন্ত্রিত লারাক দ্বীপের পাশ দিয়ে বর্তমানে মালয়েশিয়ার পোর্ট ক্ল্যাং-এর উদ্দেশ্যে যাত্রা করছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আক্রমণের প্রেক্ষিতে ইরান হরমুজ প্রণালি দিয়ে অধিকাংশ দেশের নৌ-চলাচল বন্ধ করে দিয়েছে। তবে তেহরান স্পষ্ট করে বলেছে যে, তাদের প্রতি ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর জন্য এই জলপথ খোলা থাকবে। চীনের সঙ্গে ইরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক থাকায় চীনা পতাকাবাহী জাহাজগুলো এই বিশেষ নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, সাংহাই ভিত্তিক প্রতিষ্ঠান কসকো জানিয়েছে, তারা এশিয়া থেকে উপসাগরীয় দেশগুলোর জন্য পুনরায় শিপমেন্ট বুকিং নেওয়া শুরু করেছে। তবে তারা এও জানিয়েছে যে, সাধারণ রুট হিসেবে এখনই হরমুজ প্রণালি ব্যবহার করা হবে না।
মার্চ মাসের শুরুতে যুদ্ধ শুরু হওয়ার পর নিরাপত্তাহীনতার কারণে কসকো তাদের সব ধরণের বুকিং স্থগিত করেছিল।
ইরান যুদ্ধের খরচ আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
জ্বালানির দাম বৃদ্ধিতে জরুরি ব্যবস্থায় যাচ্ছে কোরিয়ান এয়ার
প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান
