জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৫ এএম

মধ্যপ্রাচ্যে মাসব্যাপী চলা ইরান যুদ্ধ এবং বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় হোয়াইট হাউস থেকে দেওয়া ১৯ মিনিটের এই ভাষণে তিনি ইরানকে কার্যত পরাজিত দাবি করে নিজের সামরিক ও রাজনৈতিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন।

ট্রাম্প তার বক্তব্যের শুরুতেই নাসার ‘আর্টেমিস-২’ মিশনের সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। চাঁদের উদ্দেশ্যে যাত্রা করা নভোচারীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই মিশন আমেরিকার শ্রেষ্ঠত্বেরই প্রমাণ।

ইরান যুদ্ধের চিত্র তুলে ধরে ট্রাম্প দাবি করেন, আজ ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাদের বেশিরভাগ শীর্ষ নেতা এখন মৃত।

তিনি আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা এখন নেই বললেই চলে। এ সময় তিনি ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সহযোগিতার প্রশংসা করে বলেন, 'আমরা কোনোভাবেই আমাদের মিত্রদের ব্যর্থ হতে দেব না।'

নিজের প্রথম মেয়াদে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প তাকে ‘বোমার হোতা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'সোলাইমানি বেঁচে থাকলে আজকের প্রেক্ষাপট ভিন্ন হতো, তবে তবুও জয় আমাদেরই হতো।' ইরানের বর্তমান সরকারকে ‘খুনি’ আখ্যা দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে দ্রুত আটক করতে পারায় মার্কিন সেনাদের ধন্যবাদ জানান ট্রাম্প। এ ঘটনা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বলেন তিনি। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক এখন ভালো যাচ্ছে বলেন ট্রাম্প। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন আর মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল নয়। 'যারা মধ্যপ্রাচ্যের তেল ব্যবহার করে, হরমুজ প্রণালি নিরাপদ রাখার দায়িত্ব তাদেরই নিতে হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।'

ট্রাম্প এই যুদ্ধকে মার্কিন শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য একটি ‘সফল বিনিয়োগ’ হিসেবে দাবি করেন। তিনি বলেন, মার্কিনিরা এখন আর ইরানের পরমাণু বা হামলার হুমকিতে নেই। যুক্তরাষ্ট্র এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ ও শক্তিশালী।

YA/SN
আরও পড়ুন