ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৯:১১ এএম

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উত্তর মালুক্কা সাগরে তেরনাতে শহরের উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার পরপরই আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হলেও প্রায় দুই ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। সংস্থাটি জানায়, প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৭.৮ ধরা হলেও পরে তা সংশোধন করে ৭.৪ নির্ধারণ করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কেন্দ্র ছিল তেরনাতে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে, উত্তর মালুক্কা প্রদেশের উপকূলীয় এলাকায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় সংবাদমাধ্যমে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ছবি প্রকাশ পেয়েছে।

স্থানীয় প্রশাসন তেরনাতে ও টিডোরসহ আশপাশের এলাকায় নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দেয়। পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি সেবা সংস্থাগুলোও সতর্ক অবস্থানে ছিল।

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র প্রথমে সতর্ক করে জানিয়েছিল, ভূমিকম্পের কেন্দ্র থেকে এক হাজার কিলোমিটার এলাকার মধ্যে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলে বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানতে পারে। ইন্দোনেশিয়ার কিছু এলাকায় ০.৩ থেকে ১ মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কাও প্রকাশ করা হয়।

তবে পরবর্তী বিশ্লেষণে দেখা যায়, বড় ধরনের সুনামির ঝুঁকি নেই। হাওয়াইভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, সব তথ্য বিবেচনায় সতর্কতা প্রত্যাহার করা হয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সূত্র: আলজাজিরা

AS/SN
আরও পড়ুন