যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করলো ইরান

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম

যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হামলা অব্যাহত রেখেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ‘বন্ধুত্বপূর্ণ’ একটি দেশের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাবে লিখিত কোনো জবাব না দিয়ে রণক্ষেত্রেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান।

প্রতিবেদন অনুযায়ী, কুয়েতের বুবিয়ান দ্বীপে মার্কিন সামরিক গুদামে ইরানের হামলার পর ওয়াশিংটন যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক তৎপরতা বাড়ায়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া-এর বরাতে এ তথ্য জানা গেছে।

এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় জলসীমায় একটি মার্কিন এ-১০ ওয়ারথগ আক্রমণকারী বিমান ভূপাতিত করা হয়েছে, যা পরে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একটি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। পরবর্তীতে মেহর নিউজ এজেন্সি জানায়, সেই বিমানের পাইলটকে খুঁজতে গিয়ে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারও হামলার শিকার হয়েছে।

ইরানের দাবি, তাদের সামরিক সক্ষমতা ভুলভাবে মূল্যায়ন করায় যুক্তরাষ্ট্র এখন চাপের মুখে পড়েছে এবং সেই প্রেক্ষাপটেই যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আঘাত অব্যাহত রয়েছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। সূত্র: ফারস নিউজ এজেন্সি

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত