রাশিয়ার তেল পাইপলাইনে ড্রোন হামলা ইউক্রেনের

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

ইউক্রেনের সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার তেল পাইপলাইনে। রবিবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের একটি ড্রোন হামলায় বাল্টিক বন্দর প্রিমোরস্কের কাছে একটি তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় নিশ্চিত করেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেনিনগ্রাদ অঞ্চলে ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। ওই সময় একটি ড্রোনের ধ্বংসাবশেষ প্রিমোরস্ক বন্দরের কাছে তেল পাইপলাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত করেছে এবং পাইপলাইনটি নিরাপদে পুড়িয়ে ফেলা হচ্ছে। তিনি জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির বিভিন্ন স্থানে চালানো এই হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, রাশিয়ার বিভিন্ন হামলায় গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে অন্তত ১৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। একই সময়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছেন।

ইউক্রেনের খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, খারকিভ শহরসহ উত্তর-পূর্বাঞ্চলের ১১টি শহর ও গ্রামে হামলায় অন্তত চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এছাড়া সুমি অঞ্চলে রাতের আঁধারে রুশ ড্রোন হামলায় অন্তত ১১ জন আহত হন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলের নিকোপোল শহরে একটি বাজারে ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর গাঞ্জা। পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ছয়জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে টেলিগ্রামে জানিয়েছেন গভর্নর ভাদিম ফিলাশকিন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ২৮৬টি ড্রোনের মধ্যে ২৬০টি ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তারা জানায়, ১১টি ড্রোন ১০টি স্থানে আঘাত হানে এবং ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ছয়টি স্থানে পাওয়া গেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে স্থবির হয়ে পড়েছে। চলতি বছর আবুধাবি ও জেনেভায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা উচ্চপর্যায়ের বৈঠক হলেও পূর্ব ইউক্রেনের ভূখণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কোন অগ্রগতি হয়নি। গত মাসে নির্ধারিত চতুর্থ দফার বৈঠক যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে স্থগিত করা হয়। এমন অবস্থায় শনিবার ইস্তাম্বুলে প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যে বৈঠক হয়। এতে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, এরদোয়ান ইউক্রেন-রাশিয়া আলোচনায় সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, কৃষ্ণসাগরে সামুদ্রিক নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সূত্র: এএফপি, আল-জাজিরা, রয়টার্স

NB
আরও পড়ুন
সর্বশেষপঠিত