ইয়েমেন থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলের জাফায় অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর-এ ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। হামলার পর বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত সক্রিয় হয়।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেন। তিনি দাবি করেন, লক্ষ্যবস্তু করে চালানো এই হামলা সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে আঘাত করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে একটি সন্দেহজনক প্যাকেজ থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় সম্ভাব্য ঝুঁকি এড়াতে আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ওই প্যাকেজ থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেখানকার কর্মীদের সরিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তা প্রটোকল জোরদার করা হয়।

বর্তমানে প্যাকেজটির ভেতরে কী ধরনের পদার্থ রয়েছে তা শনাক্ত করার জন্য বিশেষজ্ঞ দল কাজ করছে। একই সঙ্গে সেগুলো নিরাপদে অপসারণের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত