যুদ্ধবিরতির ইস্যুতে যুক্তরাষ্ট্রের ১৫ দফা 'অযৌক্তিক': ইসমাইল বাঘাই

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনাকে ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী’ ও ‘অযৌক্তিক’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। সোমবার (৬ এপ্রিল) দেশটির অবস্থান স্পষ্ট করে বলা হয়েছে, কোনো চাপিয়ে দেওয়া প্রস্তাব তারা গ্রহণ করবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই মন্তব্য করেন।

বাঘাই বলেন, কয়েকদিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু প্রস্তাব তেহরানের কাছে পৌঁছেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ১৫ দফা পরিকল্পনাও ছিল। পাকিস্তানসহ কয়েকটি বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে তিনি স্পষ্ট করে দেন, এসব প্রস্তাব ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, অস্বাভাবিক এবং অযৌক্তিক’ হওয়ায় তা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ইরান কোনো ধরনের চাপের কাছে নতিস্বীকার করবে না এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে আসা প্রস্তাবগুলোকে গুরুত্ব দেয়নি। তেহরানের অবস্থান অনুযায়ী, যেকোনো সমাধান হতে হবে বাস্তবসম্মত এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে, একতরফাভাবে চাপিয়ে দেওয়া নয়।

একই সঙ্গে বাঘাই জানান, ইরান ইতোমধ্যে নিজেদের জাতীয় স্বার্থ ও কৌশলগত বিবেচনার ভিত্তিতে একটি পৃথক কাঠামো ও দাবি-দাওয়া চূড়ান্ত করেছে। তবে এই প্রস্তাবগুলো ‘উপযুক্ত সময়েই’ প্রকাশ করা হবে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই ইরান তাদের অবস্থান নির্ধারণ করেছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ ও প্রস্তাব সামনে আনলেও ইরান শুরু থেকেই জানিয়ে আসছে, তারা কোনো ‘চাপিয়ে দেওয়া’ সমাধান মেনে নেবে না। তেহরান কেবল এমন একটি স্থায়ী ও বাস্তবসম্মত সমাধানে আগ্রহী, যেখানে তাদের জাতীয় স্বার্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে। সূত্র: আলজাজিরা

AS/FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত