ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’র ৩৯তম দিনে এক পরিসংখ্যান প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, মার্কিন হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদর দফতর, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি। আকাশপথের পাশাপাশি সমুদ্রপথেও ইরান বড় বিপর্যয়ের মুখে পড়েছে।
সেন্টকম দাবি করেছে, মার্কিন নৌবাহিনী এ পর্যন্ত ইরানের ১৫৫টির বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন ধ্বংস অথবা অকেজো করতে সক্ষম হয়েছে।
এদিকে রণক্ষেত্রের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে এক চরম আল্টিমেটাম দিয়ে বলেছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সময় রাত ৮টার (বাংলাদেশ সময় বুধবার সকাল) মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ সকল বেসামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে।
সতর্কবার্তা দিয়ে ট্রাম্প বলেন, ‘মঙ্গলবার রাত ৮টাই চূড়ান্ত সময়সীমা। কোনো দেশের অস্তিত্ব এক রাতেই শেষ করে দেওয়া সম্ভব এবং সেই রাতটি আগামীকালও হতে পারে।’ তবে ইরান এখন পর্যন্ত এই শর্তে রাজি হওয়ার কোনো ইঙ্গিত দেয়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘এইচআরএএনএ’ (HRANA) জানিয়েছে, গত ১০ দিনের মধ্যে সোমবার সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের বাহারেস্তানে একটি আবাসিক ভবন, বিখ্যাত শরিফ বিশ্ববিদ্যালয় এবং বুশেহর প্রদেশের একটি বিশাল পেট্রোকেমিক্যাল কারখানায় বিধ্বংসী হামলা চালানো হয়েছে।
সংস্থাটির সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, কেবল সোমবারের হামলায় ৪৯ জন ইরানি বেসামরিক নাগরিক নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। ৩৯ দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরানে এখন পর্যন্ত ৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১ হাজার ৬৬৫ জনই সাধারণ বেসামরিক নাগরিক।
সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের দেওয়া এই সময়সীমা শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যের সংঘাত এক নতুন এবং আরও ভয়াবহ মাত্রা নিতে পারে। সূত্র: বিবিসি ও রয়টার্স।
ট্রাম্পের পোস্ট নিয়ে উপহাস, বিদ্রূপে যোগ দিলো ইরানও
হামাসকে অস্ত্র ছাড়তে আলটিমেটাম দিলো ট্রাম্পের ‘পিস বোর্ড’
ইরানের পেট্রোকেমিক্যাল কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলা
