যুদ্ধবিরতি সত্ত্বেও ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম

যুদ্ধবিরতির ঘোষণা আসার পরও থামেনি হামলা। বুধবার (৮ এপ্রিল) সকালেও ইরানে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। একটি ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, তেহরানসহ বিভিন্ন স্থানে এখনো আঘাত হানছে ইসরায়েলি বাহিনী।

এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ হোয়াইট হাউসের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল যে, ইসরায়েলও যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। তবে এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যা অনিশ্চয়তা বাড়াচ্ছে।

শুধু ইরান নয়, সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। ইসরায়েলের জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বিবিসির সাংবাদিকরা। একই সঙ্গে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও সতর্ক অবস্থা বিরাজ করছে। বাহরাইনে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের আশ্রয় নিতে বলা হয়েছে। কাতার জানিয়েছে, তাদের আকাশসীমার দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলা করছে।

অন্যদিকে সৌদি আরবেও অন্তত দুবার সতর্কবার্তা জারি করা হয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন