যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘লজ্জাজনক পরাজয়’ বরণ করেছে: রাশিয়া

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ‘বিনা উসকানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা’ চালানো হয়েছে এবং এই সংঘাতে দুই দেশই ‘লজ্জাজনক পরাজয়’ বরণ করেছে।

বুধবার (৮ এপ্রিল) স্পুতনিক রেডিওকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শুরু থেকেই রাশিয়া এ ধরনের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে আসছে। তার ভাষায়, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং দ্রুত কূটনৈতিক পথেই সমাধান খুঁজতে হবে।

এদিকে, সংঘাত প্রশমনে নতুন এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এই সময়ের মধ্যেই সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের তথ্যমতে, তেহরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার ভিত্তিতে আগামী শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদ-এ আলোচনা শুরু হবে।

এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার হুমকি আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, দুই সপ্তাহের এই সময়সীমা দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির জন্য একটি সুযোগ তৈরি করবে। তবে শর্ত হিসেবে তিনি হরমুজ প্রণালি ‘তাৎক্ষণিক, নিরাপদ ও সম্পূর্ণভাবে’ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিশ্চিত করেছেন, ইরানের ওপর হামলা বন্ধ থাকলে তাদের সশস্ত্র বাহিনীও প্রতিরক্ষামূলক অভিযান স্থগিত রাখবে। তিনি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরানের সামরিক বাহিনী সমন্বয় করবে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের ‘পূর্ণ অবিশ্বাস’ এখনো কাটেনি।

এই উদ্যোগে আঞ্চলিক কূটনীতিও সক্রিয় হয়ে উঠেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, যুদ্ধবিরতি ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হবে এবং এতে লেবাননসহ সংশ্লিষ্ট অন্যান্য অঞ্চলও অন্তর্ভুক্ত থাকবে। তিনি দুই পক্ষের প্রতিনিধিদের ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।

AS
আরও পড়ুন