লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের ভাতিজা ও ব্যক্তিগত সচিব আলি ইউসুফ হারশিকে হত্যার দাবি করেছে ইসরায়েল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, বুধবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। ওই হামলায় আলি ইউসুফ হারশি নিহত হন। ইসরায়েলের দাবি, হারশি কেবল নাঈম কাসেমের আত্মীয়ই ছিলেন না, বরং সংগঠনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও তাঁর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলি এই দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ কাউকে হত্যার এই দাবি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন একটি যুদ্ধবিরতি চলছে, তখন লেবাননে ইসরায়েলি এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুললো। সূত্র: রয়টার্স

